স্পোর্টস ডেস্ক।।
নিজ ক্লাব সমর্থকদের মারধরে রক্তাক্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার। ব্রাজিলের স্থানীয় ক্লাব করিন্থিয়ান্সের মিডফিল্ডার লুয়ানকে মারধর করেন নিজ দলের সমর্থকরা। নিজের ইনস্টাগ্রামে রক্তাক্ত শর্টসের ছবিও পোস্ট করেন তিনি।
ব্রাজিলের সাও পাওলোতে পার্টিতে ব্যস্ত ছিলেন ব্রাজিলের ফুটবলার লুয়ান। সেখানেই এই মিডফিল্ডারকে বাইরে বের করে মারধর করেন ক্লাবটির সমর্থকরা। আক্রমণের সময় হামলাকারীরা লুয়ানকে ক্লাবের সঙ্গে অতি দ্রুত চুক্তি বাতিল করতে বলেন।
এদিকে, লুয়ানের ওপর হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে করিন্থিয়ান্স।
গ্রেমিওতে ৫ বছর কাটিয়ে ২০২০ সালে করিন্থিয়ান্সে যোগ দিয়েছিলেন লুয়ান। তবে ক্লাবের হয়ে নিয়মিত মাঠে নামা হয়নি এই প্রতিভাবান ফুটবলারের। এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ৮০ ম্যাচ খেলে গোল করেছেন ১১টি। সূত্র : রয়টার্স











































