Home খেলাধুলা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন ভারতের সাবেক ক্রিকেটার

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন ভারতের সাবেক ক্রিকেটার

18

স্পোর্টস ডেস্ক।।

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন ভারতের সাবেক ক্রিকেটার প্রবীণ কুমার। মঙ্গলবার (৪ জুলাই) মধ্যরাতে একটি ট্রাক সামনে থেকে এসে ধাক্কা দেয় সাবেক এই ক্রিকেটারের গাড়িতে। এ সময় প্রবীণের সঙ্গে ছিল তার ছেলে। ইতোমধ্যেই এই ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটি বেশ তীব্র গতিতে আসছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রবীণ কুমারের গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রবীণ ও তার ছেলেকে গাড়ি থেকে বের করেন। ভয়াবহ দুর্ঘটনা হলেও গুরুতর আহত হননি সাবেক এই ক্রিকেটার এবং তার ছেলে।

 

২০০৭ সালেও দুর্ঘটনার কবলে পড়েছিলেন প্রবীণ। ভারতের ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পর মিরাটে তাকে স্বাগত জানাতে বড় আয়োজন করা হয়। সে সময় চলন্ত হুডখোলা জিপ থেকে পড়ে গিয়েছিলেন প্রবীণ।

ভারতের হয়ে ৬৮টি ওয়ানডে ম্যাচে ৭৭টি উইকেট নিয়েছেন প্রবীণ। দেশের হয়ে মাত্র ৬টি টেস্ট খেলেছেন এই ডানহাতি পেসার। এছাড়া আইপিএলে আরসিবি, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট লায়ন্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে প্রবীণ কুমারের।