Home খেলাধুলা লর্ডসে সেঞ্চুরি করে স্মিথের যত রেকর্ড

লর্ডসে সেঞ্চুরি করে স্মিথের যত রেকর্ড

21

স্পোর্টস ডেস্ক।।

তর্কসাপেক্ষে বর্তমান সময়ের সেরা টেস্ট ব্যাটার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। যেমন কন্ডিশনই হোক কিংবা বোলার যেমনই হোক, রান যেন স্মিথের পায়ে লুটোপুটি খায়। লর্ডসে চলমান অ্যাশেজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মিথ। ১৮৪ বলে ১৫ বাউন্ডারিতে ১১০ রানের আদর্শ এক ইনিংস খেলেছেন তিনি। এর মাধ্যমে ডানহাতি এই ব্যাটার গড়ে ফেলেছেন অনন্য কিছু রেকর্ড।

টেস্ট ক্যারিয়ারে এটি স্মিথের ৩২তম সেঞ্চুরি। স্টিভ ওয়াহর সঙ্গে যা অস্ট্রেলিয়ার হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ৪১টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে রিকি পন্টিং। তবে ৩২ সেঞ্চুরি ছোঁয়া দ্রুততম খেলোয়াড় স্মিথই। এই মাইলফলকে পৌঁছাতে ৯৯ টেস্ট ও ১৭৪ ইনিংস খেলতে হয়েছে স্মিথকে।

ইংল্যান্ডের মাটিতে স্মিথের এটি অষ্টম টেস্ট সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্যার ডন ব্রাডম্যানের (১১) পর এই দেশে সফরকারী কোনো খেলোয়াড়েরর দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যা এটি। সবমিলিয়ে অ্যাশেজে স্মিথের সেঞ্চুরি আছে ১২টি। এখানেও তার ওপরে কেবল ব্রাডম্যান। সর্বোচ্চ ১৯টি সেঞ্চুরি আছে তার।

 

লর্ডসে একাধিক সেঞ্চুরির দেখা পাওয়া চতুর্থ ব্যাটার স্মিথ। এর আগে এই রেকর্ড ছিল ওয়ারেন বার্ডসলে (১৯১২, ১৯২৬), স্যার ডন ব্রাডম্যান (১৯৩০, ১৯৩৮) এবং বিল ব্রাউনের (১৯৩৪, ১৯৩৮)। স্মিথের জন্য পয়া এই মাঠেই ২০১০ সালে অভিষেক হয়েছিল তার। ২০১৫ সালে খেলেছিলেন ২১৫ রানের দুর্দান্ত ইনিংস। যদিও এই মাঠে চরম আঘাত পেয়েছিলেন স্মিথ। ২০১৯ সালে জোফরা আর্চারের বলে মাথায় আঘাত পেয়ে কনকাশন হয়েছিল তার।

লর্ডসে শতরান করার পথে ৯ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন স্মিথ। এই মাইলফলকে তার চেয়ে দ্রুতগতিতে পৌঁছেছেন কেবল শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা (১৭২)।