স্পোর্টস ডেস্ক।।
ঈদুল আজহার প্রথম দিনে পাকিস্তানের ক্রীড়াঙ্গনে বইছে শোকের ছায়া। আত্মহত্যা করেছেন দেশটির স্নুকার তারকা মোহাম্মদ মজিদ আলি। এশিয়ান অনূর্ধ্ব-২১ স্নুকার প্রতিযোগিতায় রৌপ্যপদক পেয়েছিলেন মজিদ। তার পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই বিষন্নতায় ভুগছিলেন তিনি।
শুক্রবার পাকিস্তানের বিলিয়ার্ড এবং স্নুকার অ্যাসোসিয়েশনের (পিবিএসএ) চেয়ারম্যান আলমগীর শেখ মজিদের সতীর্থ এবং কর্মকর্তাদের ক্ষুদেবার্তার মাধ্যমে এই তথ্য জানান।
মজিদের ভাই উমর জানিয়েছেন, কাঠ কাটার মেশিন দিয়ে আত্মহত্যা করেছেন মজিদ। ফয়সালাবাদের কাছে সামুন্দ্রিতে নিজ এলাকায় এই ঘটনা ঘটান মজিদ। উমর নিশ্চিত করেছেন, বিগত কয়েক বছর ধরে বিষন্নতায় ভুগছিলেন মজিদ। তবে বিষন্নতার কারণ এখনো অজানা, আর্থিক কোনো সমস্যা ছিল না।
পিবিএসএ চেয়ারম্যান বলেছেন, ‘মজিদ অসাধারণ এক প্রতিভা ছিল। যদিও বর্তমানে সেরা অবস্থানে নেই, তবে তার প্রতিভা সবসময়ই ছিল। আমরা তার মৃত্যুতে মর্মাহত। পাকিস্তানের স্নুকার পরিবারের জন্য এটি বিশাল একটি ক্ষতি।’
গত এক মাসের মধ্যে পাকিস্তানের দ্বিতীয় স্নুকার খেলোয়াড় মারা গেলেন। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন মুহাম্মদ বিলাল। ৩৮ বছর বয়সে মারা যান তিনি।
পাকিস্তানে স্নুকার খুবই জনপ্রিয় একটি খেলা। মুহম্মদ ইউসুফ এবং মুহাম্মাদ আসিফের মতো তারকারা এই খেলায় বিশ্ব এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিততে দেশকে সাহায্য করেছেন।











































