স্টাফ রিপোর্টার।।
খুলনার চামড়া পট্টিখ্যাত মহানগরীর শেরে বাংলা রোড। চামড়াপট্টি নামেই রয়েছে। তবে চামড়ার মার্কেট নেই। চামড়া ব্যবসায়ীদের দোকান ঘরও নেই। তাই কোরবানির দিন বিকাল থেকে তিন দিন তারা রাস্তা ও ফুটপাতে বসেই কেনাবেচা করেন। চামড়ায় লবণ দিয়ে প্রক্রিয়াজাতের জন্য প্রস্তুত করেন ফুটপাতে বসেই। ফলে কাঁচা চামড়া, রক্ত ও পানির গন্ধে অসহায় হয়ে পরেন পথচারী ও এলাকাবাসী।
চামড়া ব্যবসায়ীরা বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল থেকে চামড়া কিনতে শুরু করেন। ব্যবসায়ীরা বলছেন, চামড়ার যে দাম নির্ধারণ করা হয়েছে তা বর্তমান বাজার প্রেক্ষাপটে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ মার্কিন ডলারের দাম গতবারের চেয়ে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছর ঈদুল আজহার সময় এক ডলারের দাম ছিল যেখানে ৯৬ টাকার মতো, সেখানে বর্তমানে রপ্তানির ক্ষেত্রে ডলারের দাম ১০৭ টাকা। অর্থাৎ ডলারের দাম বেড়ে যাওয়ায় রপ্তানিতে ১১ শতাংশ বেশি দাম পাচ্ছেন ব্যবসায়ীরা। কাজেই চামড়ার দামও সেই অনুপাতে বাড়ানো উচিত ছিল। বস্তুত চামড়ার দাম নির্ধারণে ফড়িয়া, আড়তদার, মৌসুমি ব্যবসায়ী, ট্যানারি মালিকসহ এ ব্যবসায় সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া উচিত বলে মনে করেন কোনও কোনও ব্যবসায়ী।
চামড়া ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘এমনিতেই বকেয়া পাইনি। তার ওপর কোরবানির মৌসুম। ধার করে চামড়া কিনতেছি। ৫০০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে চামড়া কিনেছি। ভালো ও বড় চামড়া ৯০০ টাকায় বিক্রি করছি। কাটা, ছোট হলে দাম কম। বেশি কাটা হলে ফিরিয়ে দিচ্ছি। ছাগলের চামড়া নেওয়া হয় না।’
পাওয়ার হাউস মোড়ে বসা আল আমিন বলেন, ‘দোকান ছিল। ভাড়া দিতে না পারায় মালিক দোকান বাতিল করেছে। ফলে বছরের এই সময়ে সড়কে বসেই ব্যবসা করছি। গরুর চামড়া কিনছি। কাটা চামড়া হলে ২০০ টাকায় কিনছি। নাহলে ফিরিয়ে দিচ্ছি। ছাগলের চামড়ার বাজার নেই।’
নিরালা পুকুরপাড় মাদ্রাসা ও মসজিদের প্রতিনিধি মাহদী হাসান বলেন, ‘১১টি চামড়া নিয়ে এসেছিলাম। পাঁচটি ছাগলের চামড়া নিলেন না। আর ছয়টি গরুর চামড়া। বড় বড় চামড়া, ৪ টাকা করে দাম বলছে। ভেবেছিলাম একেকটি চামড়ায় ২০০০- ২৫০০ টাকা দাম পাবো। কিন্তু হতাশ হলাম।’
গত বছরের চেয়ে এবার প্রতি বর্গফুটে তিন থেকে পাঁচ টাকা বাড়িয়ে গরু ও ছাগলের চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। কিন্তু ট্যানারি মালিকদের কাছে পাওনা আদায়ে কোনও পদক্ষেপ নেই। তাই খুলনার চামড়ার ব্যবসায়ীরা হতাশায় রয়েছেন। অনেকে ব্যবসার ধরন পাল্টে ফেলেছেন।
খুলনার ফুলতলার সুপারেক্স লেদার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ ভূইয়া জানান, তার প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ পণ্য অবিক্রিত অবস্থায় রয়েছে। তারপরও তিনি মাদ্রাসা প্রধানদের সঙ্গে বৈঠক করে চামড়া কেনার ঘোষণা দিয়েছেন।
খুলনা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম বলেন, খুলনার ৬০/৭০ জন ব্যবসায়ীর জন্য স্থায়ী কোনও মার্কেট নেই। এ কারণে কোরবানিতে মৌসুমী ব্যবসায়ীর আনাগোনা বেড়ে যায়। কিন্তু এ সঙ্কট নিরসনে একটি স্থায়ী চামড়ার মার্কেট স্থাপনের দাবি করা হলেও এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসার ধরন পাল্টে অন্য ব্যবসায় ঝুঁকছেন। এরপরও ব্যবসায়ীরা কোরবানির চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য দেনা করে চামড়া কিনছেন।
তিনি আরও বলেন, একটি চামড়া প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুত করতে গিয়ে যে খরচ হয় তাতে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম মূল্যে কিনতে হয়। বস্তাপ্রতি ৩০০-৪০০ টাকা করে লবণের দাম বেড়েছে। এ ক্ষেত্রেও সরকারের কঠোর নিয়ন্ত্রণ দরকার বলেও তিনি মনে করেন।
উল্লেখ্য, কোরবানির গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে গতবারের চেয়ে ঢাকার বাইরে ৪/৫ টাকা বাড়িয়ে ৪৫ থেকে ৪৮ টাকা করা হয়েছে। ছাগলের চামড়ার দাম বাড়ানো হয়নি। গতবারের মতোই খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং ছাগলের চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।











































