Home জাতীয় মির্জা ফখরুলকে ‘ওপেন চ্যালেঞ্জ’ দিলেন আওয়ামী লীগ নেতা

মির্জা ফখরুলকে ‘ওপেন চ্যালেঞ্জ’ দিলেন আওয়ামী লীগ নেতা

30

খুলনাঞ্চল রিপোর্ট।।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘ওপেন চ্যালেঞ্জ’ দিয়েছেন কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ইউনুস ভূঁইয়া। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ চ্যালেঞ্জ দেন তিনি। লাকসামে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের (চৈতী কালাম) বাড়ি ভাঙচুর ও সামনের রাস্তা কেটে দেওয়া হয়েছে বলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। এ বক্তব্যকে মিথ্যাচার দাবি করে ইউনুস ভূঁইয়া বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। এ অভিযোগ ডাহা মিথ্যা। তিনি (ফখরুল) তা কখনো প্রমাণ করতে পারবেন না। এটা বিএনপির একটি ষড়যন্ত্র ও চক্রান্ত। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বাড়ি বলে মন্ত্রীর ক্লিন ইমেজকে প্রশ্নবিদ্ধ করতেই এই চক্রান্ত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তিনি বলেন, ‘লাকসামের যে সড়ক কেটে ফেলার কথা বলা হয়েছে, এটি শহরের একটি মেইন রোড। চব্বিশ ঘণ্টা এ সড়কে লাখ লাখ মানুষ যাতায়াত করে। আমরা এ সড়কেই কুমিল্লা এসেছি।’ বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের বিষয়ে এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘লাকসামে কালামের নির্মাণাধীন একটি বাড়ি আছে তাতে তিনি জীবনেও থাকেননি। এ বাড়ি ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। এসব মিথ্যা তথ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের দ্বারা জাতিকে দেওয়া সম্ভব।’ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিএনপির কয়েকজন নেতা গত ২৪ জুন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকে কুপিয়ে জখম করে। এদের মধ্যে অনিক নামের একজন ঢাকায় এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। আর দুজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহব্বত আলী প্রমুখ।