ঢাকা অফিস
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ যাচ্ছেন। ঈদের পরের দিন শনিবার তিনি কোটালীপাড়া উপজেলায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এ তথ্য দিয়েছেন। তিনি জানান, কোটালীপাড়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাবেন; সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন রোববার গোপালগঞ্জ জেলা সদরে সুধী সমাবেশে মতবিনিময় করবেন। পরে ওইদিনই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। চলতি বছরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এটি কোটালীপাড়ায় দ্বিতীয় সফর। এর আগে তিনি গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া এসে ছিলেন। তখন তিনি উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিয়েছিলেন।











































