Home আঞ্চলিক খুলনায় গোডাউনে লাগা আগুন ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

খুলনায় গোডাউনে লাগা আগুন ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

19

স্টাফ রিপোর্টার||
খুলনা নগরীর কালীবাড়ি এলাকায় একটি গোডাউন ও ব্যাংকে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে। এর আগে, সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার জানান, সন্ধ্যা ৬টার দিকে কালীবাড়ি এলাকায় স্যার ইকবাল রোডের একটি গলিতে চুনের গোডাউনে প্রথমে আগুন লাগে। পরে তা পাশের আল আরাফাহ ইসলামী ব্যাংকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নগরীর বয়রা ও টুটপাড়া ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিং ডাউনের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস কাজ করছে।

তিনি আরও জানান, আগুনে গোডাউনটি পুড়ে গেছে। এছাড়া ব্যাংকের পেছনের অংশে থাকা ফরেন একচেঞ্জ বিভাগের কিছু কাগজপত্র ও র্যাক পুড়ে গেছে। চুন পানির সংস্পর্শে এসে আগুন লাগতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভানোর চেষ্টা করেন। আগুনের চেয়ে পানিতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে কম্পিউটার, আসবাবপত্র ও কাগজপত্র ভিজে গেছে।

সরেজমিনে দেখা যায়, আল-আরাফাহ ও সিটি ব্যাংকের সামনে হাজারও মানুষের ভিড়। তাদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে গিয়ে স্থানীয় এক যুবক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, চুনের গোডাউনে আগুন লাগার পর বিকট শব্দ হয়। তখন লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে।