Home আঞ্চলিক যশোরে ওসি-ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোরে ওসি-ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

31

যশোর অফিস||

ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি ও অঙ্গীকার নামায় সাক্ষর নেওয়ার অভিযোগে যশোরের বাঘারপাড়া থানার ওসি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে আদলতে মামলা হয়েছে। সোমবার উপজেলার তেলিধান্যপুর গ্রামের বাসিন্দা আব্দুল হাই লিখিত অভিযোগ দেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় অভিযোগটি আমলে নিয়ে জেলা পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন।

বাদীর আইনজীবী মীর্জা সাহেদ আলী চঞ্চল ও সুদিপ্ত কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- বাঘারপাড়া থানার ওসি শাহাদৎ হোসেন, খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অভিজিত সিংহ রায়, বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান ও ফরিদপুর সদর উপজেলার সদরপুর গ্রামের সারওয়ার শরীফ।

গত ২১ জুন খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বৃদ্ধ আব্দুল হাইকে মোবাইল ফোনে কল করে ডেকে আনা হয়। সেখানে বাঘারপাড়া থানার ওসি শাহাদৎ হোসেন ছাড়াও খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অপরিচিত একজন উপস্থিত ছিলেন। সেসময় ওসি শাহাদৎ হোসেন জানান, ভুক্তভোগীর ছেলে সজিব ইফতেখারের কাছে সরওয়ার শরীফ পাঁচ লাখ টাকা পাবেন এবং তাৎক্ষণিক সেই টাকা পরিশোধ করতে হবে। পরে আব্দুল হাইকে আটকে রেখে নির্যাতন ও শরীফ টাকা পাবে মর্মে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। একপর্যায়ে চেয়ারম্যানের প্যাডে আগে থেকে লেখা পাওনা চার লাখ ৮৫ হাজার টাকা আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার অঙ্গীকার নেওয়া হয়। টাকা না পরিশোধ করলে ভুক্তভোগী ও তার ছেলে বিরুদ্ধে মামলা করার কথা উল্লেখ করা বলা হয়।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি শাহাদৎ হোসেন জানান, মামলা যে কেউ করতেই পারে। তদন্ত করলেই বোঝা যায়, কে মিথ্যা আর কে সত্য।