স্পোর্টস ডেস্ক।।
লিওনেল মেসিকে চোখে চোখে রেখেও শেষ পর্যন্ত হারাতে হয় আল হিলালকে। লিও না বলে দেন তাদের। সৌদি আরবের রাডারে ছিলেন লুকা মডরিচও। কিছুদিন আগেই তার সতীর্থ করিম বেনজমা রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাতিল করে যোগ দিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদে। গত জানুয়ারি থেকে আল-নাসরে আছেন তার আরেক সাবেক সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোও।
তবে সৌদির অর্থের ঝনঝনানিতে পা বাড়ান নি মডরিচ। এখনো ইউরোপের ফুটবল খেলার ইচ্ছে রয়ে গেছে ৩৭ বছর বয়সী এই ক্রোয়েট তারকার। তাই রিয়ালের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন ২০২৪ সালের জুন পর্যন্ত। ক্লাব কিংবদন্তির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়টি আজ নিশ্চিত করল রিয়াল।
রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ক্লাব ও লুকা মডরিচ চুক্তি নবায়নের ব্যাপারে সম্মত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী ৩০ জুন ২০২৪ পর্যন্ত রিয়ালে থাকবেন মডরিচ।’
২০১২ সালে টটেনহাম ছেড়ে মাদ্রিদে আসেন মডরিচ। রিয়ালের হয়ে ২৩টি শিরোপা জিতেছেন। ব্লাঙ্কোসদের হয়ে সর্বোচ্চ শিরোপায় তার চেয়ে এগিয়ে কেবল মার্সেলো ও বেনজেমা (২৪ টি)। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা ও দুটি কোপা দেল রে জিতেছেন জিতেছেন। ২০১৮ সালে জেতেন ব্যালন ডি’অর।
তবে ক্লাবের হয়ে এতকিছু জিতলেও এখনো আন্তর্জাতিক শিরোপা জেতা হয়নি মডরিচের। কয়দিন আগে ক্রোয়েশিয়াকে নিয়ে গিয়েছিলেন উয়েফা নেশনস লিগের ফাইনালে। এর আগে গত ডিসেম্বরে খেলেছেন বিশ্বকাপের সেমিফাইনাল।











































