স্পোর্টস ডেস্ক।।
পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেবার আগে পুরো সময়টা উপভোগ করছেন লিওনেল মেসি। পুরোনো সতীর্থদের বিদায়ী ম্যাচে তিনি খেলছেন নিয়মিত। গত শনিবার নেমেছিলেন সাবেক সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে। কাল বিদায় জানালেন রিকেলমকে।
ফুটবল ছেড়েছেন ৯ বছর আগে। কিন্তু মাঠ থেকে বিদায় নেওয়া হয়নি। তাই আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমের জন্য বড় পরিসরে বিদায়ী ম্যাচের আয়োজন করে তার ক্লাব বোকা জুনিয়র্স। তার মুখোমুখি হয় আর্জেন্টিনার বিশ্বজয়ী একাদশের সাথে। সেই ম্যাচে প্রধান অতিথি ছিলেন লিওনেল মেসি। দিনশেষে পরাজিত দলের খাতায় নাম লেখাতে হয় মেসিকে, তার দল আর্জেন্টিনার বিপক্ষে ৫-৩ গোলের জয় পায় রিকেলমের বোকা জুনিয়র্স।
তবে নিজের বিদায়ী ম্যাচটি মেসি রাঙিয়ে দিয়েছেন এটাই রিকেলমের জন্য বড় পাওয়া। ১৯৯৭ থেকে ২০০৮ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১১৬ টি ম্যাচ খেলেছেন রিকেলমে। ১০ নম্বর জার্সি গায়ে সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন তিনি। ক্লাব ক্যারিয়ারে লম্বা সময় কাটিয়েছেন বোকা জুনিয়র্সে। এছাড়াও খেলেছেন বার্সেলোনা, ভিয়ারিয়াল আর্জেন্টিনোস জুনিয়রে।
এমন বিদায়ী ম্যাচে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি। তাছাড়া নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে খেলতে বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘এখানে এসে ভালোই লাগছে। আর্জেন্টিনা ফুটবল ও বোকার ফুটবলের জন্য তিনি বিশেষ কিছু। লা বোম্বোনেরায় আবারও এলাম। এখন কয়েকদিন ছুটি রয়েছে। এরপর নতুন শহর, নতুন ক্লাবে (ইন্টার মায়ামি) শুরু করব। আমি বেশ উচ্ছ্বসিত।’











































