খবর বিজ্ঞপ্তি।।
খুলনায় ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মানববন্ধন ও র্যালীর কর্মসূচিতে বক্তারা বলেছেন, কারাগার, থানা, ডিটেনশন সেন্টার বা যে কোন স্থানে হেফাজতে কাউকে নির্যাতনের ক্ষমতা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে কারোর ওপর নির্যাতন করার অধিকার আইন কাউকে দেয়নি। কিন্তু আদালতের নির্দেশনা লঙ্ঘণ করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বিভিন্নভাবে দেশের জনগন নির্যাতনের শিকার হচ্ছে। আইন-শৃংখলা বাহিনী জনগনের নিরাপত্তার পরিবর্তে উল্টো তাদের ওপর নির্যাতন চালালে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হয়। বক্তারা গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সব ধরণের নির্যাতন-নিপীড়ন বন্ধ করে এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন করার দাবি জানান।
দিবসটি উপলক্ষে ২৬ জুন সোমবার সকাল সাড়ে ১০ টায় নগরীতে আয়োজিত কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এবং গুমের শিকার ব্যক্তির পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ খুলনা ইউনিট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সভায় সভাপতিত্ব, সঞ্চালনা ও ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস’র বিবৃতি পড়ে শোনান সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুহাম্মদ নূরুজ্জামান।
সভায় প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু। কর্মসূচিতে ২০১৭ সালে পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে দু’ চোঁখ হারানো যুবক মো. শাহজালাল ও তার পরিবারের সদস্যরা এবং নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন ও বিলুপ্ত আইসিটি এ্যাক্টের মামলার শিকার কয়েকজন গণমাধ্যম কর্মী এবং নির্যাতনের শিকার পাটকল শ্রমিক নেতা অংশ নেন।
বক্তারা আরও বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার নেই। নেই বাক স্বাধীনতাও। রক্ষকরাই সংবিধান লঙ্ঘণ করছে। আইন-শৃংখলা বাহিনী আইন লঙ্ঘণ করলেও বিচার হচ্ছে না তাদের। যদিও নির্যাতনের দায়ে আজ যারা নিন্দিত হওয়ার পরিবর্তে নন্দিত হচ্ছেন- এমন একদিন আসবে তারাই নিন্দিত হবেন। সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের।
বক্তারা অবিলম্বে বাংলাদেশ সরকার কর্তৃক অনুস্বাক্ষরিত নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, নির্যাতন বন্ধে একটি স্বাধীন ও পৃথক তদন্তকারী প্রতিষ্ঠান গঠন এবং ২০১৩ সালে গৃহীত নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন বাস্তবায়ন এবং দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এবং মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনে নামার আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার আহবায়ক মুনীর চৌধূরী সোহেল, সমাজকর্মী শেখ আব্দুল হালিম, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল-আমিন শেখ, খুলনা জেলা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, বৃহত্তর আমরা খুলনাবাসী’র সাধারণ সম্পাদক এসএম মাহাবুবুর রহমান খোকন, পুলিশ কর্তৃক গুম ও নির্যাতনের শিকার পাটকল রক্ষা আন্দোলনের নেতা মো. অলিয়ার রহমান শেখ, পুলিশের হাতে নির্যাতনের শিকার মো. শাহজালাল, তার স্ত্রী রাহিলা বেগম, গুমের শিকার সাতক্ষীরার ডা. মোখলেসুর রহমান জনি’র স্বজন নাসিমা বেগম, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, এম এ আজিম, হাফেজ মো. কামরুজ্জামান, মো. জামাল হোসেন, মো. মনিরুল ইসলাম, ছাত্রনেতা মো. আশিকুর রহমান প্রমুখ।











































