স্টাফ রিপোর্টার।।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের করা নাশকতার দু’মামলায় আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ রাস্ট্রপক্ষ সাক্ষ্যপ্রমাণ দিয়ে সন্দেহাতীতভাবে প্রমান করতে না পারায় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ৬৩ নেতাকমীকে নির্দোষ খালাস দিয়েছে আদালত।
সোমবার (২৬ জুন) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেছেন।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন জানান, ২০১৮ সালের ১ নভেম্বর রাতে নাশকতার অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আজহারুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন এবং বিষ্ফোরক আইনে ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১১০/১২০ জনের নামে মামলা দায়ের করে যার নং-৩ এসটিসি ৯৩/১৯ ও এসটিসি ৯৪/১৯। ২০১৯ সালের ২৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার মিত্র ৬৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৯ সালের ২৮ আগস্ট বিচারের জন্য মামলাটি সিএমএম আদালত থেকে মহানগর ষ্পেশাল ট্রাইব্যুনালে আসে। ২০২২ সালের ৯ নভেম্বর ষ্পেশাল ট্রাইব্যুনাল মামলাটি জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঠায়। চলতি বছরের ২২ মার্চ আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠণ হয়। মামলা চলাকালীন মো. অহিদুজ্জামান খোকন, মো. আব্দুল জলিল ও ইফতেখার হোসেন নামের ৩ আসামি মৃত্যুবরণ করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি এডভোকেট আরিফ মাহমুদ লিটন।
এদিকে মিথ্যা ও হয়রানিমুলক মামলা থেকে নির্দোষ খালাস পাওয়ায় মহান আল্লাহতায়ালার নিকট শুকরিয়া আদায় এবং নেতাকর্মিদের চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ খুলনা মহানগর বিএনপি, থানা, ওয়ার্ড অঙ্গ ও সহযোগী সংগঠণের সাবেক নেতৃবৃন্দরা।











































