ঢাকা অফিস।।
নানা সতর্কতা আর ব্যবস্থা নেয়ার পরও ঠেকানো গেলনা হজ এজেন্সির প্রতারণা। ৫শ ৩৮ জন হজযাত্রীর কয়েক কোটি টাকা নিয়ে দুবাই পালিয়েছে, রাজধানীর শ্যামপুরের এস এম ট্রাভেলসের মালিক শাহ আলম। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে, তাদের হজযাত্রা।
হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, প্রতারিত যাত্রীদের হজে পাঠানো বড় চ্যালেঞ্জ। তারপরও তাদের হজে পাঠানোর চেষ্টা চলছে। এরইমধ্যে ২শ জনের ভিসা হয়ে গেছে। বাকিদের ভিসাও নির্দিষ্ট সময়ের মধ্যে হবে বলে আশাবাদি তিনি। তবে, ২২ জুন বিমানের শেষ হজ ফ্লাইট এবং সৌদি এয়ারলাইন্সের ২৪ জুন।
ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। তবে, আর্থিক দায় নেবেন না তারা। সবপক্ষের সাথে যোগাযোগ করে সবাইকে হজে পাঠানোর চেষ্টা করছেন বলে জানান তিনি। সহযোগিতা চাইলেন হজযাত্রীদেরও।
যাত্রী সংকটে বিমানে মদিনার ফ্লাইট বাতিল হওয়ায় অনিশ্চয়তায় ছিলেন, প্রায় সাড়ে ৬ হাজার হজযাত্রী। কর্তৃপক্ষের দাবি, নতুন করে আবেদনে, কিছু স্লট পাওয়া গেছে। তাই এ বিষয়ে আর কোনো সমস্যা নেই।











































