ঢাকা অফিস।।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আবেদন মঞ্জুর করেন।
গত ১৩ জুন মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মো. সালাহ উদ্দিন কাদের। আদালত তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন বুধবার ধার্য করেন।
এদিন মিয়া গোলাম পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তাও উপস্থিত হন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
২০২১ সালের ৬ সেপ্টেম্বর ভাটারা থানা এলাকা থেকে মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রথমে ভাটারা থানার সন্ত্রাসবিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়। সেই থেকে কারাগারে আটক আছেন তিনি।











































