Home জাতীয় ‘ব্রিকস আমন্ত্রণ জানালে অবশ্যই বাংলাদেশ যোগ দেবে’

‘ব্রিকস আমন্ত্রণ জানালে অবশ্যই বাংলাদেশ যোগ দেবে’

28

 

ঢাকা অফিস।।

ব্রিকসে যোগ দিতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে ঢাকা এই আমন্ত্রণকে স্বাগত জানাবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আব্দুল মোমেন বলেন, আনুষ্ঠানিকভাবে আমাদের আমন্ত্রণ জানালে আমরা অবশ্যই যোগ দেব। আমরা এখনও কোনো চিঠি পাইনি।

মন্ত্রী বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশসহ প্রায় ৮টি নতুন দেশকে উদীয়মান অর্থনীতিতে নিয়ে যাওয়ার কথা ভাবছেন ব্রিকস নেতারা।

এর আগে জেনেভায় মোমেন ইঙ্গিত দিয়েছিলেন, বাংলাদেশ চলতি বছরের আগস্টে ব্রিকসের সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রিকস হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি গ্রুপ।

২২-২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্রিকস নেতারা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। জোহানেসবার্গের গৌতেংয়ের স্যান্ডটন কনভেনশন সেন্টারে (এসসিসি) শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. নালেদি পান্ডোরের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সম্প্রতি ফ্রেন্ডস অব ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন।

সে সময় মোমেন বলেন, দক্ষিণ আফ্রিকায় আগামী আগস্টে তাদের সম্মেলন অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন।