খুলনাঞ্চল রিপোর্ট।।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র যখন সরব, তখন ভারতের নির্লিপ্ততা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। এমন সময়ে আসন্ন যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের চলমান সংকট নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনা হতে পারে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না সরকার।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ভারত অত্যন্ত পরিপক্ব গণতান্ত্রিক একটি দেশ। ভারতের দেশপ্রেম অত্যন্ত পরিপক্ব এবং অত্যন্ত সমৃদ্ধশালী। তারা (মোদি-বাইডেন) যেটা ভালো মনে করবেন, সেটাই আলাপ করবেন। ওখানে আমার (বাংলাদেশ) ওকালতি করার প্রয়োজন নেই।’
মোদি-বাইডেনের বৈঠকে আলোচনার বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গ থাকা নিয়ে প্রশ্ন করা গণমাধ্যমকর্মীকে উদ্দেশ করে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওই দেশের কে কী নিয়ে আলাপ করবে, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা কেন?’
ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বুধবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরের দিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। ওই দিনই দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তাদের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে।
এর আগে সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়। ভারতের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র যাতে এমন কোনো ব্যবস্থা না নেয়, যা ভারতের স্বার্থকে আঘাত করে এবং আঞ্চলিক ভারসাম্য নষ্ট করে।
তবে এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের জবাবের বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলো কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।
শীর্ষ কূটনীতিক সূত্রের বরাতে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, জাতীয় নির্বাচনের বিষয়ে বাংলাদেশের ওপর আমেরিকার ক্রমবর্ধমান চাপ নিয়ে শেখ হাসিনা সরকার নয়াদিল্লির কাছে ঘরোয়াভাবে উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে চায় নয়াদিল্লি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দপ্তর থেকে ঢাকাকে জানানো হয়েছে, বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান প্রশাসনের গুরুত্বের দিকটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ওয়াশিংটন সফরে তুলে ধরা হবে। নয়াদিল্লি আমেরিকাকে বলতে চায়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের গুরুত্ব যথেষ্ট। সেখানে এখন এমন কিছু করা বাঞ্ছনীয় নয়, যাতে সে দেশে মৌলবাদী, কট্টরপন্থি, সন্ত্রাসবাদীদের কাছে ইতিবাচক বার্তা যায়।
তবে এমন যুক্তি মানতে নারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ ইস্যুতে আলোচনা করবেন- এমন তথ্যের কোনো ভিত্তি বা প্রমাণ কিছুই নেই। তবু এ বিষয়ে একটার পর একটা খবর প্রকাশ হয়েই চলেছে। কোনো একটি পক্ষ বাংলাদেশের সরকারকে দুর্বল প্রমাণ করার জন্য এটি ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করতে পারে।
ড. ইমতিয়াজ বলেন, দেখুন এটা কোনো সিস্টেম নয়। বাংলাদেশ ১৭ কোটি মানুষের দেশ। এই দেশের জনগণ যথেষ্ট সচেতন। এ দেশের গণতন্ত্র এনেছিল এই দেশের মানুষই। তাই ক্ষমতায় কারা আসবে, সেটাও এই দেশের মানুষ ঠিক করবে। অন্য কোনো দেশ নয়।
মার্কিন ভিসানীতিও বড় কিছু নয় উল্লেখ করে ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ভিসানীতি দিয়েই শুধু বাংলাদেশের গণতন্ত্র ঠিক হবে না, এখানে অর্থনৈতিক রাজনীতিও রয়েছে। যুক্তরাষ্ট্র নিজ স্বার্থে ভিসা দেয়। একসময় তারা মোদির ওপর কিন্তু ভিসার নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে তা তুলে নেয়।’
এদিকে নরেন্দ্র মোদির এই যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকদের অনেকেই।
এ বিষয়ে সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন বলেন, অবশ্যই মোদি-বাইডেন বৈঠকে বাংলাদেশ ইস্যুটি আসতে পারে। ভূরাজনৈতিক কারণে ভারত ও যুক্তরাষ্ট্র দুই দেশেরই বাংলাদেশের বিষয়ে আগ্রহ রয়েছে। বিশেষ করে চীনকে ঠেকানোর বিষয়ে দুই দেশের মধ্যে অভিন্ন স্বার্থ রয়েছে।
তবে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে সাংঘর্ষিক অবস্থানও রয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্র চায় এ দেশের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। অন্যদিকে ভারত চায় ক্ষমতাসীনরা অব্যাহত থাকুক। সে ক্ষেত্রে তারা এই অঞ্চলে সন্ত্রাসবাদ জেগে ওঠার যুক্তি দিয়ে থাকে।
এমন অবস্থায় দুই দেশ বাংলাদেশ বিষয়ে একটি সিদ্ধান্তে আসার জন্য আলোচনা করতে পারে বলে মনে করেন এই সাবেক পররাষ্ট্রসচিব। ভূরাজনৈতিক কারণে বাংলাদেশ নিয়ে এই দুই পরাশক্তির খেলা জমে উঠেছে বলেও মনে করেন তিনি।
তবে বিদেশিদের চাপে নয়, নিজেদের তাগিদেই সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে।
নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য যত ধরনের প্রচেষ্টা দরকার সেগুলো চালিয়ে যাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুধু সরকার কিংবা নির্বাচন কমিশন চাইলে হবে না। আশা করব, যত দল আছে তারা সবাই প্রতিজ্ঞা করবে তারাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নেবে। তাহলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।’
ভারতের পক্ষ থেকে বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে সমর্থন দেয়া হচ্ছে। এমনকি ভারতের শাসক দল বদলালেও সেই সমর্থনে ভাটা পড়েনি। আঞ্চলিক নিরাপত্তার দিক বিবেচনার পাশাপাশি ভূরাজনৈতিক কারণে, বিশেষ করে চীন প্রসঙ্গে বাংলাদেশকে পাশে রাখতে চায় ভারত। এ অবস্থায় বাংলাদেশে অন্য কোনো দল ক্ষমতায় এলে পরিবর্তিত পরিস্থিতি কেমন হবে সেই হিসাব-নিকাশ নিয়ে ব্যস্ত ভারত।
অন্যদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও এর সাবেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীনদের চাপে রাখা, মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে ঢাকাকে আস্থায় না নেয়া এবং শেষমেশ বাংলাদশের বিষয়ে নতুন ভিসানীতি- যুক্তরাষ্টের এমন অবস্থানে চাপে রয়েছে ক্ষমতাসীন সরকার। বিগত নির্বাচনগুলোর আগে ভারতের সরব উপস্থিতি লক্ষ করা গেলেও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে মুখে কুলুপ এঁটেছে প্রতিবেশী ভারত।
এমন পরিস্থিতিতে গতকাল প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে ভারতের অবস্থান জনগণ জানতে চায়। ভারতের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাদের নির্বাচনে পাস করিয়ে দেবেন, তা নয়, গণতন্ত্রের প্রশ্নে সুস্পষ্ট অবস্থান নেবেন কি না, তা বাংলাদেশের মানুষ জানতে চায়।’
সরকারের লবিস্ট নেই: পররাষ্ট্রমন্ত্রী
এদিকে বিরোধী দল বিএনপিকে উদ্দেশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা লবিস্ট নিয়োগ করেছেন, তাদের বলেন আল্লাহর ওয়াস্তে দেশটাকে ধ্বংস করার তালে থাকবেন না।
সাম্প্রতিক সময়ে কংগ্রেস সদস্যদের বাংলাদেশ নিয়ে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে লবিস্ট নিয়োগ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের লবিস্ট নেই। আমরা বাদ দিয়ে দিয়েছি। যারা লবিস্ট নিয়োগ করেছেন, তাদের বলেন আল্লাহর ওয়াস্তে দেশটাকে ধ্বংস করার তালে থাকবেন না।’
বিরোধী দলকে উদ্দেশ করে মোমেন বলেন, ‘আপনারা বরং দেশে আরও জ্বালানি পাই কীভাবে, দেশে লোকের কর্মসংস্থান হয় কীভাবে, বিনিয়োগ বাড়ে কীভাবে; সে জন্য লবিস্ট নিয়োগ করেন। তাহলে দেশের মঙ্গল হবে। দেশ তো আপনার-আমার সবার। যারা অপজিশনে আছেন তাদেরও দেশটা। সুতরাং দেশকে ধ্বংস করে লাভ নেই। কারণ এটাতে সবার ক্ষতি।’
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে দেশটির ছয় কংগ্রেসম্যানের দেয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চিঠিতে কিছু তথ্যের গরমিল আছে, ভুল আছে। মিথ্যা তথ্য আছে। তারা বলছে, গত কয়েক বছরে শেখ হাসিনা সরকারের আমলে ৬০ পারসেন্ট হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এটা তো সত্যি নয়। বলা হচ্ছে, খ্রিষ্টানদের ওপর অত্যাচার হচ্ছে, এটাও তো সত্যি নয়। চিঠিটা মনে হয়েছে, অপরিপক্ব হাতে লেখা। এটা নিয়ে আমাদের দুশ্চিন্তার কারণ নেই।’
চিঠির ভুলগুলো দেশের গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান জানিয়ে মোমেন বলেন, সুশীল সমাজসহ গণমাধ্যমের বলা উচিত এ রকম ভুল তথ্য নিয়ে কীভাবে চিঠি লিখে।
চিঠি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আমার বলার দরকার নেই। তারা চিঠি চালাচালি কোথায় করছে, এটা তাদের মাথাব্যথা; এটা আমাদের নয়।’=সুত্র- দৈনিক বাংলা











































