স্পোর্টস ডেস্ক।।
সমসাময়িক ক্রিকেটে ব্যাট হাতে দাপট দেখানোর কারণে ‘ফ্যাব ফোর’ হিসেবে খ্যাতি পেয়েছেন ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং ইংল্যান্ডের জো রুট। ২০২১ সালের শুরুতে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা বিবেচনায় এর মধ্যে সবচেয়ে আগানো ছিলেন বিরাট কোহলি। অথচ, ২০২৩ সালের মাঝামাঝিতে এসে সেই সংখ্যায় সবার নিচে তিনি। আর অনেক নিচে থাকা রুট অভাবনীয় পারফরম্যান্সে আছেন দুইয়ে।
চলমান অ্যাশেজের প্রথম টেস্টে ‘বাজবল’ দর্শনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন রুট। টেস্ট ক্রিকেটে এটি তার ৩০তম সেঞ্চুরি। ‘ফ্যাব ফোরের’ মধ্যে যেটি দ্বিতীয় সর্বোচ্চ। অথচ ২০২১ সালের শুরুতে রুটের সেঞ্চুরি সংখ্যা ছিল মাত্র ১৭টি। যেখানে কোহলির ২৭টি, স্মিথের ২৬টি এবং উইলিয়ামসনের ছিল ২৪টি সেঞ্চুরি।
২০২১ সাল থেকে এ পর্যন্ত ৫৮.৯১ গড়ে রুট করেছেন ২ হাজার ২৯৯ রান। ৬২ ইনিংসে ১৩টি সেঞ্চুরির সঙ্গে করেছেন নয়টি হাফ সেঞ্চুরি। অথচ এই সময়ের মধ্যে অন্য কোনো ব্যাটসম্যান ২ হাজার রানের গণ্ডিই পেরোতে পারেননি। ৭টি সেঞ্চুরিসহ দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৯৭২ রান করেছেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে। ৬টি সেঞ্চুরিসহ তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ৮৭৩ রান আসে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারনাস লাবুশেনের ব্যাট থেকে।
এবার আসি ‘ফ্যাব ফোরের’ তুলনায়। যেখানে রুট অন্যান্যদের চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে আছেন। রুটের সবচেয়ে কাছাকাছি প্রতিদ্বন্দ্বী এখানে স্মিথ। ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৫৫.১৬ গড়ে ২৩ ম্যাচে ১ হাজার ৭১০ রান করেছেন স্মিথ। ৩৬ ইনিংসে ৫টি সেঞ্চুরির সঙ্গে ছিল আটটি হাফ সেঞ্চুরির ইনিংস।
এই সময়ের মধ্যে ধারাবাহিক পারফরম্যান্স ছিল উইলিয়ামসনেরও। ১২ টেস্টে ৬৯.২৭ গড়ে করেছেন ১ হাজার ২৪৭ রান। যেখানে ৫ সেঞ্চুরির সঙ্গে ছিল একটি ফিফটির ইনিংস। অন্যদিকে, একসময়ে সবার ওপরে থাকা কোহলি এই সময়ে ২২ টেস্টে ৩১.৩৭ গড়ে করেছেন মাত্র ১ হাজার ১৬১ রান। ৩৮ ইনিংসে মাত্র একটি সেঞ্চুরি এসেছে তার ব্যাটে।
২০২১ সাল থেকে এই পর্যন্ত ১৩টি সেঞ্চুরি রুটের। অন্যদিকে, স্মিথ এবং উইলিয়ামসন ৫টি করে সেঞ্চুরি করলেও কোহলির সেঞ্চুরিসংখ্যা মাত্র ১টি। ৩০টি সেঞ্চুরি নিয়ে ‘ফ্যাব ফোরের’ মধ্যে সেঞ্চুরিসংখ্যায় রুট এখন দ্বিতীয়। ৩১টি সেঞ্চুরি নিয়ে স্মিথ সবার ওপরে। উইলিয়ামসন এবং কোহলির সেঞ্চুরিসংখ্যা যথাক্রমে ২৯ এবং ২৮।
সেঞ্চুরি সংখ্যায় দুইয়ে থাকলেও ‘ফ্যাব ফোরের’ মধ্যে রান সংগ্রহে অবশ্য সবার ওপরেই রুট। ১৩১ টেস্টে ৫০.৭৮ গড়ে রুটের রান ১১ হাজার ১২২। দুইয়ে থাকা স্মিথ ৯৭ টেস্টে ৬০.০৪ গড়ে করেছেন ৮ হাজার ৯৪৭ রান। ৯৫ ম্যাচে ৫৪.৮৯ গড়ে উইলিয়ামসনের রান ৮ হাজার ১২৪। আর ১০৯ টেস্ট খেলা কোহলি ৪৮.৭২ অ্যাভারেজে করেছেন ৮ হাজার ৪৭৯ রান।











































