Home জাতীয় পিটিয়ে সাংবাদিকের হাত ভাঙল দুর্বৃত্তরা

পিটিয়ে সাংবাদিকের হাত ভাঙল দুর্বৃত্তরা

44

খুলনাঞ্চল রিপোর্ট।।
নেত্রকোনার দুর্গাপুরে এক সাংবাদিককে হত্যার চেষ্টা চালিয়েছে স্থানীয় কয়েক দুর্বৃত্ত। তারা পিটিয়ে তাঁর হাত ভেঙে ফেলেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

জানা যায়, জেলার দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকায় কয়েক দিন আগে সাংবাদিক কলি হাসানের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। কলি হাসান এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। তিনি বর্তমানে জনকণ্ঠের দুর্গাপুর উপজেলা সংবাদদাতা এবং উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় কলি হাসানের স্ত্রী সাজেদা আক্তার বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেছেন। ঘটনার পর আসামিরা লাপাত্তা।

মামলায় অভিযোগ করা হয়, কলি হাসানের পথরোধ করে হামলা চালিয়েছে দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আবদুল হাকিমের ছেলে হান্নান মিয়া, একই উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের দিবারপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে আসাদসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজন। তারা হাতুড়ি দিয়ে কলি হাসানকে এলোপাতাড়ি মারতে থাকে। দুর্বৃত্তরা তাঁর ডান হাত ভেঙে ফেলে এবং ডান পায়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা তাঁর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দুর্গাপুর সাংবাদিক সমিতি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালছে। তাদের এলাকায় পাওয়া যাচ্ছে না।