Home আন্তর্জাতিক মনিপুরে কুকিদের ‘টার্গেটে’ বিজেপি

মনিপুরে কুকিদের ‘টার্গেটে’ বিজেপি

23

খুলনাঞ্চল ডেস্ক।।
মনিপুরে সহিংসতা ফের বড় আকার ধারণ করেছে। শুক্রবার গভীর রাতে রাজ্যের বিষ্ণুপুর জেলার কোয়াক্তা ও চূড়াচাঁদপুরের কাংভিতে নতুন করে হিংসা ছড়ায়। সেখানে সারা রাত সহিংসতা চলেছে বলে জানিয়েছে পুলিশ ও সেনা সূত্র। তারা বলছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অন্তত এক ডজন এলাকায় হিংসার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র লড়াই হয়েছে কুকি জঙ্গিদের। কুকিদের আক্রমণের গতি প্রকৃতি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শাসক দল বিজেপি সেখানে কুকিদের টার্গেটে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে থংজুতে মণিপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ৩০০ থেকে ৪০০ মানুষ ঘেরাও করে বিজেপির এক বিধায়কের বাড়ি বিজেপির কার্যালয়সহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও আগুন দেয়া হয়। মধ্যরাতে পশ্চিম ইম্ফলের বিজেপির রাজ্য সভাপতি অধিকারী মায়ুম সারদা দেবীর পোরামপেটের কাছে বাসভবনেও হামলা চালানো হয়। অ্যাডভান্স হাসপাতালের সামনেও বিজেপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। ১ হাজারের বেশি বিক্ষোভকারীর দল এলাকায় জড়ো হয়ে ভাঙচুর শুরু করে। সব মিলিয়ে প্রায় ১১ টি বিজেপি কার্যালয় ও ছয়জন মৈতিই সম্প্রদায়ের স্থানীয় বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের একটি খাদ্য গুদাম। রাজধানী ইম্ফল পশ্চিমের ইরিংবাম থানা থেকে অস্ত্র লুট করার চেষ্টা হয়। তবে নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে সে চেষ্টা ব্যর্থ হয়।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আর একদল জনতা মধ্যরাতে সিনজেমাইতে বিজেপি অফিস ঘেরাও করে। তবে সেনাবাহিনী এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পার্টি অফিসের কোনও ক্ষতি হয়নি। মণিপুর পুলিশের তৎপরতায় জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়া সম্ভব হয়। তারা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে দুজন বিজেপি ও একজন কংগ্রেস বিধায়কের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের অন্যতম হলেন কেন্দ্রের বিদেশ প্রতিমন্ত্রী আরকে রঞ্জন।

ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারল এল নিশিকান্ত সিং সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মনিপুরকে লিবিয়া, লেবানন, নাইজেরিয়া ও সিরিয়ার সঙ্গে তুলনা করে লেখেন, ‘যে কোনও মুহূর্তে ধনেপ্রাণে মারা পড়তে হবে। মনে হচ্ছে মণিপুরকে একা ছেড়ে দেওয়া হয়েছে। কেউ কি শুনছেন?’