সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক তরুণীকে (১৬) ধর্ষণের দায়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম আবির ওরফে আবিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত গভীর রাতে থানা পুলিশের এসআই শাখায়েতুল ইসলাম নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। তিনি ওই ইউনিয়নের পশ্চিম পোড়া কাটলা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
মামলা সূত্রমতে, একই এলাকার এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছিল আবিয়ার মেম্বার। একপর্যায়ে বিয়ের চাপ দিলে তিনি অস্বীকার করেন। ওই তরুণী বিষয়টি পরিবারকে জানায়। এ ঘটনায় তরুণীর নানি শ্যামনগর থানায় ধর্ষণ মামলা করেন।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের মামলায় ইউপি সদস্য শহিদুল ইসলাম আবির ওরফে আবিয়ার রহমানকে গ্রেফতার করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) পাঠানো হয়েছে।










































