স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন শেষ। এখন চলছে ভোট গণনা। এখন পর্যন্ত ২৮৯টি কেন্দ্রের ১৪৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন ৭১ হাজার ৬৭৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আউয়াল পেয়েছেন ২৬ হাজার ৩৪৫ ভোট।
এর আগে, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) টানা ভোটগ্রহণ হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)।
খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন- আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক।
এ নির্বাচনে ৩১টি সাধারণ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১৩৬ জন, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
খুলনা সিটিতে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।











































