Home আঞ্চলিক সিটি নির্বাচন: খুলনায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রার্থীদের

সিটি নির্বাচন: খুলনায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রার্থীদের

11

স্টাফ রিপোর্টার।।
‘সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছি। কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ভোটকেন্দ্র দখল করে নিতে পারে। এ জন্য ওই প্রার্থী টিম তৈরি করছেন। বিষয়টি নির্বাচন অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি।’ খুলনা সিটি করপোরেশন নির্বাচন কেমন হবে– এ প্রশ্নের উত্তরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগের মাহবুবুর রহমান শামীম এসব কথা বলেন।
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেন, সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। ভোটকেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে, কিন্তু কেন্দ্রের বাইরে ভোটারদের বাধা দিলে কে ঠেকাবে? সরকার যদি চায় সুষ্ঠু নির্বাচন হবে, তাহলে সুষ্ঠু হবে, তা না হলে হবে না। নির্বাচন কমিশন (ইসি) এমন শক্তিশালী নয় যে তারা সুষ্ঠু নির্বাচন করবে।
শুধু এই দু’জনই নন, আরও অনেক প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন। ইসির বিভিন্ন পদক্ষেপ ও প্রতিশ্রুতিতেও পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না প্রার্থীরা। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়েও সংশয়ে তাঁরা। নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন অনেক ভোটার। নির্বাচনের দিন কেন্দ্রে যেতে বাধা দেওয়া এবং প্রভাব বিস্তারের আশঙ্কা তাঁদের।
ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল বলেন, এখন মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না। ভোট দিতে পারবে কিনা, এখনও এই আশঙ্কা মানুষের। আমরা শঙ্কামুক্ত নই। কারণ বিগত নির্বাচনে দেখেছিলাম, তারা (ইসি) আশ্বস্ত করেছিল। কিন্তু ভোটের দিন পেশিশক্তির প্রভাবে নির্বাচনের সব ব্যবস্থা লন্ডভন্ড হয়ে গিয়েছিল। আমরা ভোট বর্জন করেছিলাম। এখনও সন্দেহের মধ্যে আছি, কারণ ইভিএমের মধ্যে অনেক কারচুপি ও অস্পষ্টতা রয়েছে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক বলেন, মোড়ে মোড়ে নামে-বেনামে অফিস, শত শত লোক সেখানে যাচ্ছে, কালো টাকা বিতরণ হচ্ছে। ভোটাররা সংশয়ে রয়েছেন। ভোট চাইতে গেলে সবাই বলছেন, সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে যেতে পারি, সেই ব্যবস্থা করেন।
১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খালিশপুর থানা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম সায়েম বলেন, বিগত নির্বাচনে নয়াবাটী হাজী শরীয়ত উল্লাহ বিদ্যাপীঠ কেন্দ্রে ১ হাজার ৮১৭ ভোটারের মধ্যে ১ হাজার ৮১৬ জনের ভোট গ্রহণ দেখানো হয়েছিল। মৃত ১২ জনও ভোট দিয়েছিলেন! এবারও ‘মৃত ভোটাররা’ ভোট দেন কিনা তা নিয়ে শঙ্কিত।
৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, গণসংযোগে গেলে ভোটাররা প্রশ্ন করেন, কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারব? তাঁরা এ ধরনের প্রশ্ন করেন, কারণ তাঁদের শঙ্কা আছে।

৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী আওয়ামী লীগের সাহিদুর রহমানের অভিযোগ, বর্তমান কাউন্সিলর ডালিম হাওলাদার ঘোষণা দিয়ে বেড়াচ্ছেন, ইভিএমে ভোট যাকেই দেন না কেন, ফলাফল পাল্টে তাঁর পক্ষে যাবে। বিষয়টি নির্বাচন অফিসে জানিয়েছেন সাহিদুর।
তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর ডালিম বলেন, এটা তাঁর বিরুদ্ধে অপপ্রচার। ইভিএমে ফল পরিবর্তনের সুযোগ নেই।

সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। ওই ওয়ার্ডগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কা রয়েছে।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, যারা দুর্বল, যাদের লোক কম, তারাই এসব অভিযোগ করে নির্বাচনকে বিতর্কিত করতে চায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলতে যা যা বোঝায়, আমি তাই চাই।
খুলনা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য প্রয়োজনীয় সবকিছুই করা হয়েছে। ইভিএমে ফল পরিবর্তনের কোনো সুযোগ নেই।