মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলা বন্দর দিয়ে আমদানী হওয়া ১৪৭টি রিকন্ডিশন্ড গাড়ী নিলাম পাওয়ার জন্য ৩৬৪জন সিডিউল জমা দিয়েছেন। ৩৬৪জনের মধ্যে অনলাইনে ১২৩জন আর অফলাইনে ২৪১জন তাদের সিডিউল/দরপত্র জমা দেন। মোংলা কাস্টমস হাউজস কর্তৃপক্ষের এ নিলামে অংশগ্রহণকারীদের জমা দেওয়া সিডিউল সোমবার সংরক্ষিত দরপত্র বাক্স থেকে খোলা হবে। সোমবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বাক্স খুলে অংশগ্রহণকারী ব্যক্তিদের দরপত্র বের করা হবে। নিলামে রয়েছে নিশান, পাজেরো, এক্সিও হাইব্রিড, পিয়ার্স হাইব্রিড, টয়োটা ভিজ, প্রোবক্স, অ্যাকুয়া হাইব্রিড, টয়োটা হাইব্রিড, করোলা ফিলডার, হাইয়েসসহ বিভিন্ন ব্রান্ডের গাড়ী।
মোংলা কাস্টমস হাউজস কর্তৃপক্ষের রাজস্ব কর্মকর্তা (নিলাম শাখা) ছবি রানী দত্ত বলেন, সোমবার সিডিউল জমাদান বাক্স খোলা হবে। এরপর মঙ্গলবার সকালে ৩৬৪জনের ড্রপকৃত সিডিউল যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাদের নামের তালিকার অনুমোদন দেয়া হবে। এরপর অনুমোদন পাওয়া দরদাতাদেরকে নিলামের গাড়ী নেয়ার আদেশ দেওয়া হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে সপ্তাহখানেক। দীর্ঘ ৬মাস নিলাম বন্ধ থাকায় এবারের নিলামে তুলনামূলক বেশি সংখ্যক সিডিউল জমা পড়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আমদানীকারকেরা জাপান থেকে মোংলা বন্দর দিয়ে আমদানীর পর তা নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় করিয়ে না নেয়ায় বিধি মোতাবেক বিভিন্ন ব্রান্ডের ১৪৭টি রিকন্ডিশন্ড গাড়ীর এ নিলাম দেয়া হয়।
গত ২৩, ২৪ ও ২৫ মে নিলামে অংশগ্রহনকারীদের জন্য দরপত্র বিক্রি করা হয়। পরে ঢাকা, খুলনা, চট্রগ্রাম ও মোংলা কাস্টমস হাউজস কর্তৃপক্ষের সংরক্ষিত দরপত্র বাক্সে দরদাতারা ১০ শতাংশ জামানতসহ নিলামের দরপত্র জমা দেন।











































