Home আঞ্চলিক ভোটারদের প্রভাবিত করতে উপমন্ত্রী স্ত্রী’র শরণাপন্ন খালেক

ভোটারদের প্রভাবিত করতে উপমন্ত্রী স্ত্রী’র শরণাপন্ন খালেক

22

 

ইয়াসিন আহমেদ জীবু।।

 

নির্বাচনের পূর্ব পর্যন্ত ভোটারদের প্রতিক্রিয়া অনুকূলে রাখতে উপমন্ত্রী স্ত্রী’র শরণাপন্ন হয়েছেন নৌকার প্রার্থী খালেক। অতিরিক্ত লোডশেডিং-এ নির্বাচনী প্রচারে বিঘ্ন ও ভোটারদের মানসিক প্রতিক্রিয়া খারাপ হবার আশঙ্কা থেকে স্ত্রী’কে বলেছেন মন্ত্রীর সাথে কথা বলতে। সোমবার সকালে নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন তিনি।

 

৫ জুন সকালে নগরীর ২৪ ও ২৭ নং ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী খালেক। এসময়ে তিনি বলেন, খুলনায় লোডশেডিং বেশি হচ্ছিলো। আমি অলরেডি মন্ত্রীকে ফোন করেছি কিন্তু ফোনে পাইনি। তাই তাকে (স্ত্রীকে)বলছি যে পার্লামেন্টে যেয়ে তার (মন্ত্রীর)সাথে আলাপ করতে। যে, আমাদের এখানে এভাবে বিদ্যুত গেলে নির্বাচনি প্রচারসহ বিভিন্ন ধরনের ক্ষতি হবে। মানুষের মানসিক প্রতিক্রিয়া খারাপের দিকে যাবে। তারপর থেকে তো বিদ্যুৎ আর তেমন একটা যাচ্ছে না।

 

অপরদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেন, নির্বাচনে সে ও মানুষ আমিও মানুষ, সমান অধিকার। কিন্তু আমরা সমান অধিকার পাচ্ছি না। প্রতি ওয়ার্ডে খালেক ২০০ থেকে ৩০০ কর্মী মাঠে নামিয়েছে। নির্বাচন কমিশন, প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এগুলো তাদের দেখার দায়িত্ব। তারা যদি সরকারি দল মনে করে লুকিয়ে যায় তাতো ঠিক নয়।

 

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল বলেন, মনে করছি যে লেভেল প্লেইং ফিল্ড এখনো পর্যন্ত সুন্দরভাবে আছে। বিশেষ করে মেয়র প্রার্থীদের মাঝে এখনো সহিংস কোনো কিছু লক্ষ করছি না। লেভেল প্লেয়িং ফিল্ড যদি প্রশাসন এভাবে বজায় রাখে, ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার মানসিকতা তৈরি হবে।

 

এছাড়াও খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র প্রার্থীরা। নগরবাসীকে গ্রীন ও ক্লিন খুলনা উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, একটা শহর সুন্দর থাক এটা সবাই চায়। আমিও যেমন চাই সম্মানীত নাগরিক ও ভোটাররাও চায়। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমার উপর আস্থা রেখে ১২ তারিখে ভোট দেন আমি খুলনাকে তিলোত্তমা ও পরিবেশ বান্ধব করবো।

 

এসময় তিনি আরো বলেন, নগরবাসীরও কিছু দায়িত্ব আছে। বাড়ির ময়লা রাস্তায়-ড্রেনে ফেললে খুলনা তিলোত্তমা নগরী হবে না। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া একাজ সম্ভব নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুলনাকে বিশ্বের ৫টি স্বাস্থ্যকর নগরীর একটি হিসেবে ঘোষণা করেছে। ভবিষ্যতে খুলনা হয়ে উঠবে পরিবেশ বান্ধব নগরী।

 

অপরদিকে লাঙ্গল প্রতীকের মধু বলছেন, আমি যদি খুলনার মেয়র হই, সেমিনার করে নগরীতে বৃক্ষ রোপনের কার্যক্রম চালাবো। প্রতিটি পার্ক, রাস্তা ও ২২ টি বেদখল খালের পাশে বৃক্ষরোপণ জরুরি। মানুষ যে নিশ্বাস এখন নিতে পারছে না, ভবিষ্যতে মানুষ বিশুদ্ধ নিশ্বাস পাবে।

 

এদিকে হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল আওয়াল বলেন, খুলনা আল্লাহর নেয়ামতে সাজানো শহর। এর দুপাশে ২টি প্রবাহমান নদী ও সুন্দরবন আছে। অথচ দায়িত্ববানদের অবহেলা ও অপরিকল্পিত কর্মসূচির কারণে শহরটা বসবাসের অনুপযোগী হয়েছে। ভূমিদস্যুরা যে খাল গুলো দখল করেছে এগুলো উদ্ধার করতে হবে। শহরের পানি গুলো এই খাল দিয়ে বের হবার ব্যবস্থা করতে হবে। তাহলে খুলনায় জলাবদ্ধতা হবে না ও পরিবেশের ক্ষতি হবে না। আমি মেয়র হলে এসব বিষয়ে সর্বপ্রথমে খেয়াল রাখবো।

 

১২ জুন কেসিসি নির্বাচনে ভোটারদের ভোট পাওয়ার উদ্দেশ্যে আজ নগরীর ১৯, ২৩ ও ২৯ নং ওয়ার্ডে গণসংযোগ করেন মেয়র প্রার্থীরা। নিজেদের পক্ষ্যে ভোটারদের আকৃষ্ট করতে এসকল প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র প্রার্থীরা।