ঢাকা অফিস।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী গণতান্ত্রিক আচার আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর অতি মাত্রায় নির্ভরশীলতার কারণেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার ফলে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকদের জীবন যাত্রা এখন চরম হুমকির মুখে।
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুলকে গ্রেফতার ও জেল হাজতে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।
শুক্রবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতন-নিপীড়নের পাশাপাশি চলছে গ্রেফতারি অভিযানের হিড়িক। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন মুক্তাগাছা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুলকে বিনা কারণে গ্রেফতার ও জেল হাজতে পাঠানো হয়েছে। দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের ফলে দেশে চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে।’
তিনি বলেন, ‘মানুষের জানমালের ন্যুনতম নিরাপত্তা নেই। গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে জনজীবন যখন অতিষ্ঠ তখন আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী সবকিছুকে অগ্রাহ্য করে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বেপরোয়া জুলুম শুরু করেছে। এই নিশিরাতের আওয়ামী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনদূর্ভোগ লাঘবে সচেষ্ট না হয়ে জনগণের ওপর জুলুম চালিয়ে ক্ষমতা রক্ষা করতেই কেবল সচেষ্ট থাকে। তবে আওয়ামী অপশাসন ও জুলুম থেকে রেহাই পেতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে।’
বিএনপি মহাসচিব বিবৃতিতে ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন মুক্তাগাছা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুল এর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন।











































