শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগরে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে স্ত্রী নাসরিন পারভীনকে (১৭) আটকে রেখে নির্যাতন ও মাথার চুল কেটে দিয়েছেন স্বামী রাশিদুল ইসলাম।
শনিবার আত্মীয়স্বজন নিয়ে উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে মেয়েকে উদ্ধার করেন মা নারগিস পারভীন। রোববার তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাশিদুল জানান, বাড়িতে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে নাসরিন এক তরুণের সঙ্গে সম্পর্ক গড়ে। বারবার নিষেধের পরও সরে না আসায় বৃহস্পতিবার সামান্য মারধর এবং মাথার চুল ছোট করে দেন।
তবে ভুক্তভোগী নাসরিন জানান, প্রথম স্ত্রীর সঙ্গে তালাকের কাগজপত্র দেখিয়ে রাশিদুল তার সঙ্গে সম্পর্ক গড়ে। ১৫ মাস আগে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। চার-পাঁচ মাস আগে প্রথম স্ত্রীর সঙ্গে আবারও রাশিদুলের সম্পর্ক গভীর হয়। আপত্তি জানানোয় নির্যাতন করা হয় তাকে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একই বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাদানুবাদ হলে রাশিদুল ঘরে আটকে রেখে দু’দিন মারধর করে। হাত বেঁধে মশারির বাইরে সারারাত রাখে এবং মাথার চুল এলোমেলোভাবে কেটে দেয়। সবকিছু জেনেও শ্বশুরবাড়ির লোকজন রাশিদুলকে নিবৃত কিংবা তাকে উদ্ধার করেনি বলে দাবি নাসরিনের।
মেয়েকে উদ্ধারের পরে নারগিস পারভীন জানান, সহায়-সম্বলহীন জেনেও মেয়ের কথা রাখতে এবং রাশিদুলের পীড়াপীড়িতে বিয়ে দেন। অথচ মিথ্যা অপবাদ দিয়ে মেয়েকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











































