মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ।।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অপর্ণ শেষে বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে হাসান চত্বর ঘুরে ডিসি সাহিত্য মঞ্চে শেষ হয়। শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন জোয়াদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ এ কে এম সাইফুর রশিদ, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান। পরে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৭ মার্চ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।











































