শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)।।
ঝিনাইদহের মহেশপুরে ৮টি স্বর্ণের বারসহ হাবিবুর রহমান (৪৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার সকালে উপজেলার মান্দার বাড়িয়া ইউপির পুড়াপাড়া বাসস্ট্যান থেকে তাকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারি মাগুরা জেলার শালিখা থানার কাদিরপাড়া গ্রামের মৃত আফসার উদ্দিন মোল্যার ছেলে। ৫৮বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা।
তিনি জানান, গোপর সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এসময় পুড়াপাড়া বাসস্ট্যান্ডের তিন রাস্তার মোড় থেকে হাবিবুর রহমানকে আটক করলে তার কাছে থাকা কসটেপে মোড়ানো ৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন ৯৩৩.১২ গ্রাম, যার বাজার মূল্য ৭২লক্ষ ৪০ হাজার টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।











































