আসাদ, দিঘলিয়া :
বাঁশ দিয়ে তৈরি ঘর, বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে, সংসার খরচ চালানোর জন্য রাজমিস্ত্রীর হেলপার হিসাবে কাজ করতে হয়, নেই আর্থিক সচ্ছলতা, তবু দমে যাননি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রক্ষ্মগাতি গ্রামের ছেলে নাইম শেখ। পরিবারের আর্থিক অনটনের মাঝেও নিজেকে এগিয়ে নেওয়ার কাজটা করে গেছেন তরুণ এই স্প্রিন্টার। অদম্য নাইম হয়েছেন সদ্য সমাপ্ত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের দ্রুততম মানব। গত ৪ঠা মার্চ বনানীর আর্মি স্টেডিয়ামে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন এই তরুণ।
যুব গেমসে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হওয়ার পর নাইম জানান, বড় ভাই মো: ইমরান হোসেন মোবাইল ফ্লেজি লোড এর দোকান থেকে সামান্য আয়ে চলে নাইমদের ছয় ভাই-বোনের সংসার। প্রায় ১২ বছর ধরে বাবা তাদের সঙ্গে থাকেন না। তাই সব খরচ বহন করেন তাঁর বড় ভাই। মাঝে মাঝে মন চায় খেলাধুলা ছেড়ে দেই। ট্রেনিং করলে পর্যাপ্ত খাবার খেতে হয় কিন্তু সেই খাবার আমি পাই না। আমি একজন ছাত্র, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা করি, কিন্তু খেলাধুলার খরচ চালানোর সামর্থ আমার নেই, তাই রাজমিস্ত্রির কাজে সহায়তা করি তাতে দৈনিক ৪৫০ টাকা করে পাই। সেখানে সপ্তাহে দুই/তিন দিন করে কাজ করলে ৫/৬ হাজার টাকা মাসে আয় হয়। এই টাকা দিয়েই কোনরকমে খরচ চালাই।
আমি যখন স্কুলে (ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়) পড়ার সময় স্কুলের শিক্ষক তালুকদার তকদির হোসেন এর উৎসাহে প্রথমে এথলেটিকসে আসি। এরপর বাড়ি থেকে ৩/৪ কিলোমিটার হেঁটে দিঘলিয়া ওয়াইএমএ মাঠে এসে দিঘলিয়া গ্রামের সাবেক এথলেট খান ওলিয়ার ও মুরাদ হোসেন এর প্রশিক্ষনে আজ আমি এ পর্যায়ে খেলতে পেরেছি। তাদের প্রশিক্ষনে ফল পেয়ে উচ্ছ্বসিত এই স্প্রিন্টার বলেছে, আমেকে আজ এপর্যায়ে নিয়ে আসার জন্য কোচ সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
আমার এবারের লক্ষ্য সিনিয়র মিটে ভালো ফল করা, সূযোগ পেলে দেশের প্রতিনিধিত্ব করতে চাই এবং সাফ গেমসে অংশগ্রহণ করে দেশের জন্য পদক আনতে চাই। আমার প্রশিক্ষনকে সহজ ও অর্থিক সমস্যা দুর করার জন্য ইচ্ছা আছে কোন বাহিনীতে চাকরি করার।
এদিকে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের দ্রুততম মানব নাইম শেখ কে গতকাল সন্ধায় দিঘলিয়া প্রেসক্লাবের কার্যালয়ে দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।











































