ঢাকা অফিস।।
অস্বাভাবিক দাম বাড়ায় ৮০ ভাগ ক্রেতা গরুর মাংস কেনা কমিয়ে দিয়েছেন। ফলে একইভাবে বিক্রিও কমে গেছে। আর লাফিয়ে লাফিয়ে ব্রয়লারসহ সব মুরগির দাম বাড়ায়, বাজারে গিয়ে দিশেহারা সাধারণ মানুষ। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। সবজির বাজারের দামও উঠানামার মধ্যে।
রাজধানীর কারওয়ানবাজারে দুই দশক ধরে গরুর মাংস বিক্রি করছেন এই দোকানিরা। এবারই প্রথম দেখছেন, দাম বাড়ায় ক্রেতারা মাংস কেনা কমিয়ে দিয়েছেন। বিক্রেতারা বলেন, ৭০০ টাকা কেজির মাংস অনেকেরই সামর্থের বাইরে।
খাদ্য তালিকায় মাংস একেবারে বাদ দেয়ার উপায়তো নেই। তাই সামর্থ্যের মধ্যে বিকল্প ছিল মুরগির মাংস। কিন্তু লাফিয়ে লাফিয়ে ব্রয়লার মুরগির দাম রেকর্ড ছুঁয়েছে ২৪০ টাকা কেজি। ফলে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সব ধরনের মাংস।
ডিমের বাজারে আছে কিছুটা স্বস্তি। সপ্তাহের ব্যবধানে ডজনে কমেছে ১০ টাকার মত। মৌসুম শেষ হওয়ায় কমেছে শীতের সবজির সরবরাহ। তাই বাড়তির দিকে কয়েকটি পণ্যের দাম। অন্যান্য প্রায় সব ধরনের নিত্যপণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে।











































