সাতক্ষীরা প্রতিনিধি।।
সপ্তাহব্যাপী আনন্দ মেলার অনুমতি নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ লটারি। ২০ টাকা মূল্যের এই লটারি কিনতে বিভিন্ন লোভনীয় পুরস্কার ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে নিঃস্ব করা হচ্ছে। কলারোয়ার বিশেষ এক প্রতিষ্ঠানের নাম দিয়ে আনন্দ মেলার অনুমতি নিয়ে ২০ টাকার বিনিময়ে অবৈধ জুয়ার এই বাণিজ্য চলছে।
জানা যায়, বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে বিক্রি করে চলছে এই অবৈধ লটারি টিকিট। আর এই লটারির নেশায় সর্বস্বান্ত হচ্ছে উপজেলার যুবসমাজ ও নিম্নবিত্ত পরিবারের লোকজন। রাত গভীর হলেই মেলায় চলছে নগ্ন নৃত্য ও জুয়ার আসর।
কলারোয়ার সচেতন মহলের দাবি, সর্বানাশা লটারি এখনই বন্ধ করা হোক। এই লটারির জন্য যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।
এ ব্যাপারে কলারোয়ায় লটারি পরিচালনাকারী মোসলেম উদ্দিনের কাছে জানতে চাইলে লটারির কথা অকপটে স্বীকার করেন এবং জুয়া ও অশ্লীল নৃত্যের কথা অস্বীকার করেন।
এদিকে, এই অবৈধ লটারি বন্ধের দাবিতে ইতিমধ্যে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিও পালন করেছে। তারপরও বন্ধ হচ্ছে না। সাধারণ মানুষের প্রশ্ন অবৈধ এই লটারির নেপথ্যে যারা রয়েছেন তাদের খুঁটির জোর কোথায়? অবৈধ এ লটারির কারণে কিশোর গ্যাংয়ের উৎপাতের সাথে বেড়েছে চুরিও। দেখা দিয়েছে সামাজিক অবক্ষয়।
আনন্দ মেলার অবৈধ লটারি ক্রয় করে পুরস্কারের আশায় অনেক খেটে খাওয়া পরিবারে অশান্তি দেখা দিয়েছে। এসব লটারির মূল ক্রেতা রিকশা-ভ্যানচালক, চা দোকানদার, মুদি দোকানদার, দিনমজুর, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ নিম্ন আয়ের মানুষ। পুরস্কারের আশায় প্রতিদিন হাজার হাজার টাকার লটারি টিকিট ক্রয় করে প্রতারিত হচ্ছে তারা।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে কলারোয়া ফুটবল মাঠে এই মেলা শুরু হয়েছে। অবৈধ লটারি টিকিট বাণিজ্য বন্ধ করতে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস জানান, মেলা যারা পরিচালনা করছে তাদের লটারি বন্ধ করার জন্য ইতিমধ্যে বলা হয়েছে।











































