খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন, গ্লোবাল ন্যাচার ফান্ড এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) এর যৌথ উদ্যোগে ‘হেলদি ম্যানগ্রোভস এন্ড সাসটেইনেবল ফিশারিজ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট কোস্টাল কমিউনিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। আগামী ০১ মার্চ থেকে ০৩ মার্চ পর্যন্ত এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। আগামী ০১ মার্চ (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এ সিম্পোজিয়ামে বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক এবং উন্নয়ন বিশেষজ্ঞগণ সশরীরে অংশগ্রহণ করবেন। এছাড়া স্পেন, যুক্তরাজ্য ও থাইল্যান্ডের গবেষকবৃন্দ সিম্পোজিয়ামে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এই সিম্পোজিয়ামে কি-নোট পেপার উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির নরম্যান সি ডিউক। সিম্পোজিয়ামে মোট ১৩৩টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হবে।
সিম্পোজিয়াম আয়োজক কমিটির আহ্বায়ক, এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার জানান, জলজসম্পদের সাথে ম্যানগ্রোভের বিশেষ সম্পর্ক বিদ্যমান। উপকূলীয় অঞ্চলে বসবাসকারী সম্প্রদায়ের জীবন জীবিকা এই জলজ ও ম্যানগ্রোভের সম্পদ আহরণের উপর বহুলাংশ নির্ভর করে। এই কারণে, মৎস্য ও জলজ সম্পদের দায়িত্বশীল ব্যবস্থাপনা এবং এই গুরুত্বপূর্ণ উপ-খাতের উপর নির্ভরশীল বাস্তুতন্ত্র একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যা দক্ষিণ এশিয়া এবং অন্য জায়গা থেকে অভিজ্ঞতামূলকভাবে প্রাপ্ত জ্ঞান দিয়ে মোকাবেলা করা প্রয়োজন। এই লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলোজি ডিসিপ্লিন সিম্পোজিয়ামটি টেকসই মৎস্য ও বনজসম্পদ ব্যবস্থাপনার উপর বিশ্বব্যাপী সর্বোত্তম অনুশীলনগুলোকে আন্তর্জাতিক একাডেমিয়া, গবেষক, উন্নয়ন বিশেষজ্ঞগণ, শিল্প এবং নীতিনির্ধারকদের সাথে নিয়ে আলোচনার জন্য আয়োজন করেছে। সাথে সাথে পরিবেশ এবং জীববৈচিত্র্য সম্পর্কিত গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য সহযোগিতার একটি কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশগত কার্যকলাপ সম্পর্কে শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও সচেতনতা গড়ে তোলাও এই আয়োজনের উদ্দেশ্যে। এই ধরনের সম্মেলন সাধারণ চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলার সর্বোত্তম জায়গা এবং যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ দেয় যা আমাদের মৎস্য ও পরিবেশ উন্নয়নে করতে সহায়তা করবে যাতে আগামী দিনের বাস্তব চাহিদা পূরণ করতে পারে।
তিনি আরও জানান, এই সিম্পোজিয়াম থেকে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলোজি ডিসিপ্লিন ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিসিপ্লিনের গবেষণার মান ও সক্ষমতা সম্পর্কে আন্তর্জাতিক একাডেমিয়া, গবেষক, উন্নয়ন বিশেষজ্ঞগণ, শিল্প এবং নীতিনির্ধারকগণ গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত হবেন।
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে
খুবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে আজ ২৭ ফেব্রুয়ারি (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা প্রদক্ষিণ করে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, পরিসংখ্যান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে শোভাযাত্রা শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাকালে উপ-উপাচার্য বলেন, দেশের সার্বিক উন্নয়নে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। পরিসংখ্যানের মাধ্যমে অতীতের উপাত্ত অ্যানালাইসিস করে ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিসংখ্যান এমন একটি বিষয় যা মানবিক-বিজ্ঞান সবখানেই প্রয়োজন। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতির পরিমাপক হিসেবে পরিসংখ্যান যেভাবে ব্যবহৃত হয়, তেমনি গবেষণার বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের জন্য পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।
এছাড়া বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার এবং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার।
খুবিতে ৯ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাল
খুলনা বিশ্ববিদ্যালয়ে ৯ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২৩ এর ফাইনাল খেলা আগামীকাল ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০.৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ১০.৩০ মিনিটে ছাত্রদের ফাইনাল খেলায় বাংলা ডিসিপ্লিনের মুখোমুখি হবে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন। বেলা ২.৩০ মিনিটে ছাত্রীদের ফাইনাল খেলায় ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মুখোমুখি হবে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন।
ফাইনাল খেলা শেষে বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।











































