ইয়াসিন আহমেদ জীবু||
খুলনার খানজাহান আলী সেতু হতে রুপসা ঘাটের দিকে বেহাল অবস্থায় প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়ক। সড়কের দু’পাশে গড়ে উঠেছে হিমায়ীত চিংড়ি রপ্তাকারক প্রায় ২০ টি মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, বরফকল, প্যাকেজিং কোম্পানি, কোস্টগার্ডের কার্যালয় সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল থাকায় ক্ষয়-ক্ষতির মাঝেই বহন করা হচ্ছে কোটি কোটি টাকার রপ্তানি পণ্য।
৮ বছর আগে কোটি টাকা ব্যয়ে পাকা সড়ক নির্মাণ করা হলেও এখন এ রাস্তা শুকনো মৌসুমে ধুলো-বালির আর বর্ষায় হয় কাঁদা-মাটির। ফলে চরম দুর্ভোগে আছেন ব্যবসায়ী ও হাজারো স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা যায়, রিকশা-ভ্যান বা অন্যান্য যানবাহন চলাচল দূরের কথা, এই সড়কে পায়ে হেটে চলাও দুরুহ। কোটি টাকার বাণিজ্যে ব্যবহৃত এ মেরামতে জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের।

স্থানীয় পথচারী এনামুল কবির বলেন, এ রাস্তায় চলাচল করতে গেলে শুকনোর সময় ধুলায় দম আটকে যায়, হাঁচি কাশির প্রকোপ দেখা দেয়। আর বর্ষা মৌসুমে কাঁদা-পানিতে নোংরা হয় শরির ও জামা-কাপড়। রহিমা বেগম বলেন, “বৃষ্টিতে পানি জমলি ছ্যান্ন্যাত করে গায় লাগে, এই রাস্তাত্তে হাটাও যায় না”। এদিকে ব্যবসায়ী ফজলু জানান, প্রায় মাছের ক্যারেট ভেঙ্গে যায়, যানবাহনে দেখা দেয় ত্রুটি। যার ফলে অতিরিক্ত লোকসান গুনতে হয় তাদের।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলি এ কে এম আনিসুজ্জামান বলেন, ব্যবসায়ীরা ওভারলোডি পরিবহন চালিয়ে সড়কটি চলাচলের অনুপযোগী করে তুলেছে। এই মুহুর্তে সরকারিভাবে সড়ক মেরামতের বাজেট নেই। সড়ক মেরামতে যারা ক্ষয়-ক্ষতি করেছেন তাদেরকেই এগিয়ে আসতে হবে। তিনি আরো জানান, গ্রামীন সড়ক ক্যাটাগরির হওয়ায় স্বল্প অর্থব্যয়ে এই সড়ক মেরামত করা সম্ভব নয়। এজন্য বিশেষ বরাদ্দ প্রয়োজন যা সময় সাপেক্ষ।











































