খুলনাঞ্চল রিপোর্ট।।
উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিয়ানমারের অস্ত্রধারী গ্রুপের মধ্য ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জানা যায় গোলাগুলি করে মিয়ানমারের নবী হোসেন গ্রুপ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামংখালীর সীমান্তবতী এলাকায় গোলাগুলি হয়। বিজিবির এক শীর্ষ কর্মকর্তা গোলাগুলির ঘটনার সত্যতা জানিয়েছেন।
উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমার থেকে দুজন নারী-পুরুষ সীমান্ত দিয়ে এপারে প্রবেশের সময় দায়িত্বে থাকা বিজিবির সদস্যরা তাদের জিজ্ঞেসাবাদ করছিলেন। এ সময় মিয়ানমারের ‘সন্ত্রাসী’ গ্রুপ নবী হোসেনের ২০-৩০ অস্ত্রধারী সদস্যরা অতর্কিত বিবিজির টহল দলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে।
তিনি আরও জানান, প্রায় ১০-১৫ মিনিট মতো উভয় পক্ষে গোলাগুলি চলে। পরে অস্ত্রধারীরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। কিন্তু কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
এম গফুর উদ্দিন চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে, ওই নারী মাদক ডিলার হিসেবে পরিচিত সন্ত্রাসী নবী হোসেনের স্ত্রী। মিয়ানমার থেকে এপারে আসার চেষ্টা করছিল। আমি এই মূর্হতে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান করছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উখিয়ার ইউএনও ইমরান হোসাইন সজিব জানান, বিজিবির সঙ্গে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ নবী হোসেনের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।











































