স্পোটর্স ডেস্ক।।
ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও বেলারুশিয়ান টেনিস তারকাদের গতবার নিষিদ্ধ করেছিল উইম্বলডন। বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে থেকেও এই গ্র্যান্ড স্লাম আসরে খেলতে পারেননি রুশ তারকা আরিনা সাবালেঙ্কা। তবে অনুমতি থাকায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। রোববার আক্ষেপ করেই সাবালেঙ্কা সাংবাদিকদের বললেন, ‘এই যে নিষেধাজ্ঞা দিলো আমাদের। এতে কী ফায়দা হলো, যুদ্ধ তো চলছেই।’ সাবালেঙ্কার আশা, বৃটেনের লন টেনিস অ্যাসোসিয়েশন তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে।
সাবালেঙ্কা ছাড়াও নিষেধাজ্ঞার কারণে গত উইম্বলডনে খেলতে পারেননি ভিক্টোরিয়া আজারেঙ্কা, দানিল মেদভেদেভ, আন্দ্রে রুভলেভের মতো শীর্ষ তারকারা। সেসময় পুরুষ এককে র্যাঙ্কিংয়ে দুই নম্বরে ছিলেন মেদভেদেভ।
মেলবোর্ন এইজ নিউজপেপারকে সাবালেঙ্কা বলেন, ‘আমরা তো কেবল ক্রীড়াবিদ। নিজেদের খেলা নিয়ে থাকি। রাজনীতি আমাদের বিষয় নয়। আমাদের যদি কিছু করার থাকতো করতাম।
কিন্তু আমাদের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। ওরা আমাদের উইম্বলডনে নিষিদ্ধ করলো। কিন্তু এতে কী পরিবর্তন এসেছে? কিছুই না। এখনো যুদ্ধ চলছে। এ পরিস্থিতির এটাই সবচেয়ে হতাশাজনক অংশ।’
২০২৩ সালেও রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত জানায়নি উইম্বলডন কর্তৃপক্ষ। তবে সাবালেঙ্কা আশাবাদী। তিনি বলেন, ‘যুদ্ধ কেউই সমর্থন করে না। আশা করি ভক্তদের বিপুল সমর্থনের জন্য হলেও এবার সেখানে (লন্ডন) খেলতে পারবো।’
অন্যদিকে, রাশিয়ান টেনিস তারকাদের অনুমতি দেওয়ায় টেনিস অস্ট্রেলিয়ার সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাক। করোনা ভ্যাকসিন না নেওয়ায় গত বছর নোভাক জকোভিচকে অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠান এই কোলব্যাক। তবে সার্বিয়ান তারকাকে নতুন বছরে স্বাগত জানিয়েছেন তিনি। রেকর্ড ৯ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ গত মঙ্গলবার অ্যাডিলেডে পা রাখেন।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রীড়ামন্ত্রী বলেন, ‘জকোভিচের খেলা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ১২ মাস আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি ভিন্ন। দানিল মেদভেদেভকে কেন খেলতে দেওয়া হচ্ছে সেটাই আমার প্রশ্ন। আমি কোনো রাশিয়ান খেলোয়াড়কে এখানে দেখতে চাই না।’
টেনিস অস্ট্রেলিয়ার প্রধান ক্রেইগ টাইলি গত অক্টোবরে জানান, রাশিয়ান টেনিস তারকারা টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। তবে রাশিয়ার প্রতিনিধিত্ব করতে পারবেন না। টাইলি বলেন, ‘জাতীয় সংগীত গাওয়ার মতো কর্মকাণ্ড থেকে বিরত থেকে স্বাধীন এবং নিরপেক্ষ খেলোয়াড় হিসেবে তারা অংশ নিতে পারবেন।’
অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবে এটিপি-ডব্লিউটিএ ইউনাইটেড কাপে অংশ নিয়েছেন টেনিস তারকারা। দলগত এই ইভেন্টে স্বাভাবিকভাবেই খেলতে পারেননি রাশিয়ার খেলোয়াড়রা। দানিল মেদভেদেভ হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি বুঝতে পারছি কেন আমরা ডেভিড কাপ কিংবা ইউনাইটেড কাপের মতো দলগত টুর্নামেন্টে খেলতে পারছি না। আশা করি, আমরা ব্যক্তিগত ইভেন্টগুলোতে অংশ নিতে পারবো। আমি নিজের সেরাটা দেখাতে চাই।’
মেলবোর্ন পার্কে ১৬ই জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। জকোভিচের অনুপস্থিতিতে গতবার এই আসরে চ্যাম্পিয়ন হন স্প্যানিয়ার্ড তারকা রাফায়েল নাদাল। মেয়েদের এককে শিরোপা ওঠে অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টির হাতে। তবে বার্টিকে এবার দেখা যাবে না মেলবোর্ন পার্কে। গত বছরের ২৩শে মার্চ র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অবস্থায় টেনিসকে বিদায় বলে দিয়েছেন তিনি।











































