Home আঞ্চলিক খুলনার তেরখাদায় ২০ বছর ধরে তালাবদ্ধ এক্স-রে রুম

খুলনার তেরখাদায় ২০ বছর ধরে তালাবদ্ধ এক্স-রে রুম

5

স্টাফ রিপোর্টার।।

চিকিৎসক ও জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে খুলনা জেলার নয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরীক্ষা-নিরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি থাকলেও ১৫-২০ বছর ধরে ব্যবহার না হওয়ায় অকেজো হয়ে পড়েছে সবই। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা। সীমাবদ্ধতা স্বীকার করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস সিভিল সার্জনের।

খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, এক্স-রে মেশিনরুম তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। সময় সংবাদ এক্স-রে মেশিনটি দেখতে চাইলে খুঁজে পাওয়া যায়নি ঘরের চাবিও।

এ বিষয়ে তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার বলেন, ‘এক্স-রে মেশিন ১৫-২০ বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এ ছাড়া মেডিসিন, সার্জারি ও শিশু বিশেষজ্ঞ পদায়ন করা হলে সেবার মান আরও বাড়ানো সম্ভব। আমরা এসব বিষয় জানিয়ে চাহিদাপত্র পাঠিয়েছি।’

 

একই চিত্র রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সেও। এখানে এক্স-রে মেশিনের ঘরটি ব্যবহার হচ্ছে স্টোররুম হিসেবে। আরেক রুমে অকেজো অবস্থায় পড়ে আছে আল্ট্রাসনোগ্রাম মেশিন। আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করা হলেও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে হয় না অপারেশন। এসব নিয়ে ক্ষোভের শেষ নেই চিকিৎসা নিতে আসা রোগীদের।

রোগীরা বলছেন, এখানে এলে বলবে এটা নেই সেটা নেই, পরে আমাদের যেতে হয় প্রাইভেট ক্লিনিকে। কোনো পরীক্ষা-নিরীক্ষা এখানে হয় না। কোনো রকম প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য কোথাও রেফার করে দিচ্ছে। অথচ এখানে প্রতি পরীক্ষার আলাদা আলাদা রুম আছে। পরীক্ষার মেশিনগুলো পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে। আমরা এসবের দ্রুত সমাধান চাই।

 

রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ সফিকুল ইসলাম বলেন, ‘রেডিওলোজি টেকনিশিয়ান না থাকায় এখানে এক্স-রে হচ্ছে না। আল্ট্রাসনোগ্রামটা এখানে করা গেলে দ্রুততম সময়ে আমরা রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে পারতাম। চাহিদাপত্র পাঠিয়েছি।’

জেলার বাকি ৭ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা মিলেছে একই চিত্র, অভিযোগ জনবল সংকটের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা অভিযোগ করে বলেন, চিকিৎসক, জনবল ও আধুনিক যন্ত্রপাতির চাহিদাপত্র ঊর্ধ্বতন মহলে পাঠানো হলেও সমাধান হচ্ছে না দীর্ঘদিন ধরে। তাই দেয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা।

 

সীমাবদ্ধতার কথা স্বীকার করে উপজেলায় স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান সিভিল সার্জন।

খুলনা সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, ‘কিছু উপজেলায় এখনও ঘাটতি রয়েছে। আমরা আশাবাদী, স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত এসব সমস্যা সমাধানে কাজ করবে।’

খুলনার নয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫৫ জন চিকিৎসক পদের বিপরীতে ১৪৩টি পদ শূন্য রয়েছে।