মাগুরা প্রতিনিধি।।
মাগুরা মহাসড়কে চারলেনের কাজ শেষ না হতেই বিভিন্ন অংশ ধসে গেছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। স্থানীয়দের অভিযোগ, সড়কটির উন্নয়ন প্রকল্পের কাজে গাফিলতির কারণে ফলে এ দশা। তবে পরিবহনে ওভারলোডকে দায়ী করে রাস্তা মেরামতের আশ্বাস দেয় সড়ক বিভাগ।
মাগুরা জেলার ওপর দিয়ে রাজধানীতে চলাচল করে খুলনা বিভাগের ১০ জেলার যানবাহন। ২০১৬ সালে সড়ক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাস্তা প্রশস্তের কাজ হাতে নেয় সড়ক বিভাগ। দুবছর পর ২০২০ সালে ৯০ শতাংশ কাজ শেষ হয়। এরই মধ্যে মহাসড়কটির শহরতলীর ঢাকা রোড থেকে পুলিশ লাইন এক কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থান বসে গেছে। দেখা দিয়েছে ফাটল।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের কারণে সড়কটির এমন বেহাল দশা। এছাড়া সড়কে কোনো ধরনের যানবাহন চলবে করবে সে বিষয়ে কোনো নিয়মনীতি নেই।
অবশ্য যানবাহনের ওভারলোডকে দায়ী করে রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ।
মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশিকুল ইসলাম বলেন, ‘ঠিকাদারকে আমরা চিঠি দিয়েছি। তারা এরইমধ্যে মেরামত কাজ শুরু করেছে।’
মাগুরা সদরের কৃষ্ণপুর থেকে আবালপুর পর্যন্ত ১০ কিলোমিটার চার লেনের সড়কের কাজে ব্যয় হয়েছে ১১২ কোটি টাকা।











































