খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রায়ত মশিউর রহমানের রুহের মাগফিরাত কামনায় পরিবারের আয়োজনে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে মসিউর রহমানের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুর কন্যাদাহ গ্রামে পিতার নামে প্রতিষ্ঠিত মনির উদ্দিন বিশ^াস হাইস্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির নেতা মসিউর রহমানের শোকসভা ও দোয়া অনুষ্ঠানে খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ মাগরিব নেতৃবৃন্দ মসিউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর খুলনার বিএনপির সাবেক নেতারা মসিউর রহমানের আরাবপুরের বাসভবনে যেয়ে পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত এবং শান্ত্বনা ও সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের স্ত্রী-সন্তানদের খোঁজ-খবর নেন এবং তাদের ধৈর্য ধারণ করার আহবান জানান। নেতৃবৃন্দ পরিবারের যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
শোকসভায় মসিউর রহমানের স্মৃতিচারণ করে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, মসিউর রহমান ছিলেন একজন সংগ্রামী নেতা। জাতীয়তাবাদী রাজনীতির এক বিশাল প্রাণ পুরুষ ছিলেন মসিউর রহমান। তার মৃত্যুতে শুধু ঝিনাইদহবাসী নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও জাতীয় রাজনীতিতে এক শূণ্যতা তৈরি হয়েছে। তার শূণ্যতা পূরণ হবার নয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল হক নান্নু, সোনাডাঙ্গা থানা বিএনপি নেতা শেখ জামিরুল ইসলাম জামিল প্রমুখ।











































