Home আঞ্চলিক কালীগঞ্জ শহরজুড়ে কুকুর আতঙ্ক: ২ ঘন্টায় পাগলা কুকুরের কামড়ে ৩২ জন আহত

কালীগঞ্জ শহরজুড়ে কুকুর আতঙ্ক: ২ ঘন্টায় পাগলা কুকুরের কামড়ে ৩২ জন আহত

12

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬ থেকে রাত ৮ টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে একাধিক পাগলা কুকুরে আহতদের কামড় দেয়। আহতরা সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে ভীড় জমান। সরকারীভাবে কোন জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন না থাকায় আহতরা ঝামেলায় পড়েন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার খবর পেয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ হাসপাতালে ছুটে যান। এ সময় হাসপাতালে থাকা ১৮ জন রোগীর মাঝে তিনি জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন বিনামূল্যে বিতরন করেন। আক্রান্তদের মধ্যে সাংবাদিক, ব্যবসায়ী ও পথচারীরা রয়েছেন।

আক্রান্তদের মধ্যে দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহারয়িার আলম সোহাগ জানান,তিনি সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে মোটর সাইকেলযোগে মেইন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পুরাতন ব্রীজের কাছে গেলে সামনে থেকে একটি লাল রঙের পাগলা কুকুর এসে চলন্ত অবস্থায় লাফ দিয়ে কামড় দেয়। এ সময় পায়ের দুই স্থানে বেশ ক্ষতের সৃষ্টি হয়েছে।

আশিক হোসেন জানান, তিনি সন্ধ্যার পর মেইন স্ট্যান্ডের দিকে বাই সাইকেলে যাচ্ছিলেন। হঠাৎ সামনে থেকে একটি লাল রঙের কুকুর এসে লাফ দিয়ে হাতে কামড় দেয়। তিনি বলেন, তার জানামতে একই সময়ে তাদের নদীপাড়ায় ওই কুকুরে আরও ৫ জনের কামড় দেয়।

ঈশ^রবা গ্রামের গোলাম মোস্তফা জানান, শহরের নতুন বাজার এলাকায় রাস্তার উপরে তিনি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কালো এবং গলা সাদা রঙের একটি পাগলা এসে কোন কিছু বুঝে উঠার আগেই কামড় দিয়ে দৌড় দৌড় দেয়। কুকুরের কামড়ে তার উরুতে ক্ষতের সৃষ্টি হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডাঃ তানভির আহম্মেদ জানান, হাসপাতালে আপাতত কোন জলাতঙ্ক প্রতিষেধক নেই। সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত মোট ২৯ জন কুকুরে কামড়ানো রোগী এসেছিলেন। তাদের মধ্যে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ১৮ জনকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাসসিন দিয়েছেন। তিনি বলেন যেভাবে রোগী আসছে আক্রান্তদের সংখ্যা বাড়তে পারে।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, শহরে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত কমপক্ষে ৩০ জন পাগলা কুকুরে কামড়ানোর রোগী হাসপাতালে এসেছেন। পৌরসভায় আপাতত ভ্যাকসিন না থাকায় তিনি উপস্থিত আক্রান্তদের প্রত্যেকের জলাতঙ্ক প্রতিষেধক গ্যাঁটের টাকায় কিনে দিয়েছেন। বাকিদের আগামীকাল দেয়া হবে।