Home আঞ্চলিক সাড়ে ৬ ঘন্টা পর মোংলায় বাস চলাচল স্বাভাবিক, শনিবার সালিসি

সাড়ে ৬ ঘন্টা পর মোংলায় বাস চলাচল স্বাভাবিক, শনিবার সালিসি

10

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

মোংলায় সাড়ে ৬ ঘন্টা পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার সকাল ৮টার দিকে মোংলার স্থায়ী বন্দর বাস ষ্ট্যান্ডে একটি বাস আরেকটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানটির চাকা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ভ্যান চালক মমিন ও অপর ভ্যান লেবার নুরুল হক মিলে বাস চালক প্রশান্তকে মারধর ও গাড়ীর গ্লাস ভাংচুর করে। এনিয়ে বাস চালক, হেলপার ও ভ্যান চালক-শ্রমিকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে মালিক সমিতির নির্দেশে সকাল ৮টায়ই বাস চলাচল বন্ধ করে দেয় সকল চালক-হেলপাররা। এরপর থেকে বেলা আড়াই পর্যন্ত এ মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে স্থানীয় প্রশাসন এ ঘটনার বিচারে শনিবার দিন ধার্য্য করলে আড়াইটার পরপরই বাস চলাচল শুরু হয়। শনিবারের বৈঠকে বাস মালিক সমিতি, রিক্সা ভ্যান সমিতি, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থাকবেন। সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়ায় বাস চলাচল চালু করেন মালিক সমিতি।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাস ও ভ্যান চালকের দ্বন্দ্বের বিষয়টি সুরহার জন্য শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের কার্যালয়ে বসার সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নেয়ায় আড়াইটার দিকে মহাসড়কে পুনরায় বাস চলাচল শুরু হয়।