Home আঞ্চলিক বোয়ালমারীতে জন্মনিবন্ধন চেয়েছিলেন রহিমা

বোয়ালমারীতে জন্মনিবন্ধন চেয়েছিলেন রহিমা

22
বোয়ালমারীর এই বাড়িতে পাওয়া গেছে রহিমাকে

স্টাফ রিপোর্টার।।

বোয়ালমারীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক শেখ বলেন, ‘গত ২২ তারিখ পরিষদের বাইরে ওই নারী ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে আমার কাছে এসে বলেন জন্ম নিবন্ধন করব।’

খুলনার দৌলতপুর থেকে নিখোঁজের প্রায় এক মাস পর উদ্ধার রহিমা বেগম রোববার পিবিআই কার্যালয়ে বসে জানিয়েছেন, তাকে অপহরণ করা হয়েছিল। তবে তাকে উদ্ধারের ঘটনাস্থল ফরিদপুরের বোয়ালমারীর সদর ইউনিয়নের চেয়ারম্যান জানালেন, সেখানে জন্ম নিবন্ধন করতে চেয়েছিলেন রহিমা।

মামলার তদন্ত কর্তৃপক্ষ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, প্রাথমিক আলামতে মনে হচ্ছে রহিমার অপহরণ হওয়ার দাবি সঠিক নয়। এ বিষয়ে তদন্ত চলছে।

রহিমা বেগমকে শনিবার অক্ষত অবস্থায় ফরিদপুরের বোয়ালমারীর সৈয়দপুর গ্রাম থেকে উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খুলনা পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, রহিমা জানিয়েছেন যে প্রতিবেশী কিবরিয়া ও মহিউদ্দীনসহ তিনজন তাকে অপহরণ করেছিল। তাকে কোথাও আটকে রেখে ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়েছে। পরে ১ হাজার টাকা দিয়ে তাকে ছেড়ে দেয়।

পুলিশ সুপার বলেন, ‘রহিমা বেগমের দাবি, তিনি কিছুই চিনতে পারছিলেন না। ছাড়া পাওয়ার পর তিনি চট্টগ্রাম ও বান্দরবান যান। পরে গোপালগঞ্জের মুকসুদপুর হয়ে পূর্বপরিচিত ভাড়াটিয়ার ফরিদপুরের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামে যান। তার কাছে কোনো মোবাইল নাম্বার না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।’

বোয়ালমারীর সৈয়দপুর গ্রামে গিয়ে রহিমাকে আশ্রয়দাতা কুদ্দুস মোল্লার স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে থাকাকালে প্রায়ই রহিমা ঘর থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় যেতেন।

কুদ্দুস মোল্লার বড় মেয়ের জামাই নূর মোহাম্মদ  জানান, এর মধ্যে একদিন রহিমা ইউনিয়ন পরিষদ কার্যালয়েও গিয়েছিলেন।

সেখানে কেন গিয়েছিলেন জানতে চাইলে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক শেখ  বলেন, ‘গত ২২ তারিখ পরিষদের বাইরে ওই নারী ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে আমার কাছে এসে বলেন জন্ম নিবন্ধন করব।’

চেয়ারম্যান আরও বলেন, ‘আমি তখন তাকে জিজ্ঞেস করেছি আপনি কে, কোন এলাকায় বাড়ি। তিনি তখন জানান যে সৈয়দপুরে বাড়ি। বাগেরহাটে একটি বাড়িতে তিনি কাজ করেন। কিন্তু ওনার পোশাক দেখে আমার মনে হলো বড় ঘরের কেউ হবে। তখন সন্দেহ হলে জিজ্ঞেস করি আপনি কোন মেম্বারের এলাকার। উনি ঠিক করে বলতে পারলেন না।

‘তখন আমি বলি চাইলেই তো জন্মনিবন্ধন পাওয়া যায় না। বাসিন্দা হতে হয়। বিদ্যুৎ বিলের কাগজসহ আরও অনেক কাগজ লাগে। আপনি আপনার ওয়ার্ডের মেম্বারকে সঙ্গে নিয়ে আইসেন। এ কথা শুনে উনি উঠে চলে যান। আমার আরও সন্দেহ হয় যে উনি আবার কোনো গোয়েন্দা সংস্থার লোক কি না। পরে আমি এক মেম্বারকে ডেকে ওই নারীর খোঁজ নিতে বলি। খোঁজ নিয়ে সে আমাকে জানায় উনি কুদ্দুসের বাড়িতে বেড়াতে আসছেন।’

রহিমার অপহরণ হওয়ার দাবি সত্যি হলে, ২৭ আগস্ট তিনি অপহৃত হওয়ার পর ৪ সেপ্টেম্বরের মধ্যে কিবরিয়া ও মহিউদ্দীনরা তার কাছ থেকে স্ট্যাম্পে সই নিয়ে ছেড়ে দেন। এরপর তিনি চট্টগ্রাম, বান্দরবান, গোপালগঞ্জের মুকসুদপুর হয়ে ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামে কুদ্দুস মোল্লার বাড়িতে যান।

অপহরণকারীদের দেয়া মাত্র ১ হাজার টাকায় অন্তত ১৩ দিন তিনি দেশের বিভিন্ন জেলায় কীভাবে কাটালেন সেই প্রশ্নের জবাব খুঁজছে পিবিআই।

রহিমা অপহৃত হওয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে জানিয়ে পিবিআইয়ের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান  বলেন, ‘রহিমা বেগমকে উদ্ধারের সময় তার কাছ থেকে একটি সাদা ব্যাগ পাওয়া গেছে। তাতে ওষুধ ছিল, পোশাকসহ অন্য মালামাল ছিল। একজন ব্যক্তি অপহরণ হলে তার সঙ্গে এগুলো থাকতে পারে না। তাই এটা অপহরণ নাও হতে পারে।

‘আমরা রহিমা বেগমের বক্তব্য খতিয়ে দেখছি। অনেক রহস্য রয়ে গেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী তদন্ত শেষে সবকিছু প্রকাশ করা হবে।’