ঢাকা অফিস।।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপে বিএনপিকে একাধিকবার আমন্ত্রণ জানিয়েছে ইসি। তবে প্রতিবারই ইসির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে রাজপথের প্রধান বিরোধী দল।
আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পরও বিএনপির জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে অপেক্ষায় কোনো লাভ হবে না বলে জানিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের কোনো সংলাপেই বিএনপি অংশ নেবে না। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলেও জানিয়েছে দলটি। দলটির দাবি সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন দুদু বাংলাদেশ জার্নালকে বলেন, আমরা তো তার (সিইসি) অপেক্ষায় নাই। আমরা স্পষ্ট করে বলেছি এই ইসিকে আমরা আমলের মধ্যে রাখি নাই। ভালো কি মন্দ, সেটা তো পরের বিষয়। সিইসি হচ্ছে সরকারেই একটা প্রতিরুপ। আমরা বলেছি ভালো নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দিতে হবে। দলীয় সরকারের কোনো ইসি ভালো নির্বাচন করতে পারবে না। সেই হিসাবে উনি (সিইসি) অনন্তকাল অপেক্ষা করলেও আমাদের মাথা ব্যাথা নাই।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে ইসি। গত ১৭ জুলাই থেকে এ মাসের শেষ পর্যন্ত নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করে।
সংলাপের চতুর্থ দিন ছিল বুধবার। এদিন তিনটি দলের সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা থাকলেও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি তাদের সময় পরিবর্তন করেছে। তাছাড়া বিএনপি সংলাপ বর্জন করায় এদিন মাত্র একটি দলের সঙ্গে সংলাপ হয়।
সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা ভালো নির্বাচন চাই, যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই বিষয়টি যেন নিশ্চিত হয়।
বিএনপির সংলাপে না আসার প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রত্যাশা করব সব রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাদের মতামত কমিশনের সংলাপে তুলে ধরবে। তবে বিএনপি যদি সময় মতো সংলাপে না আসে আমরা শেষ পর্যন্ত তাদের জন্য ওয়েট (অপেক্ষা) করব।
তিনি আরো বলেন, সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব যে, প্রতিটি ভোটার যেন ভোটকেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটাই গণতন্ত্রের ভিত্তি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
নির্বাচন কমিশনার অপেক্ষা করলেও সংলাপে বিএনপি যাবে না বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, আমরা আগের অবস্থানেই আছি। আমরা মনে করি দলীয় সরকারের অধীনে যে নির্বাচন কমিশনই হোক তাদের তারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমারা অতীতে দেখেছি নির্বাচন সুষ্ঠু করতে কমিশন ব্যর্থ হয়েছে। এ জন্য এই নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে এ পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়নি। এখনো সেই অবস্থায় আছি।
রাজনৈতিক সমাধান কীভাবে হবে জানতে চাইলে তিনি বলেন, সেটা তো সরকার জানে। আমরা সমাধানের পথ বলেছি- এই সরকার পদত্যাগ করবে। সংসদ বাতিল করবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করবে। সেইভাবে সংকট সমাধান হবে। পথ দেখিয়েই আমরা বলেছি এই সরকারের অধীনে নির্বাচনে যাব না।
এর আগে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করে ইসি। সেখানেও অংশ নেয়নি মাঠের বিরোধী দল বিএনপি। ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপও প্রত্যাখ্যান করে বিএনপি।











































