খুলনাঞ্চল রিপোর্ট।।
চলতি হজ মৌসুমে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাঠকর্মীরা বাংলাসহ ১৩ ভাষায় কথা বলতে পারেন। এসব ভাষায় তারা হজযাত্রীদের সঙ্গে আলাপ করবেন ও তাদের সুবিধা অসুবিধার কথা জানতে পারবেন।
এর মধ্যে রয়েছে ইংরেজি, স্প্যানিশ, ইন্দোনেশিয়া, জাপানিজ, ফারসি, উর্দু, তার্কিশ, পর্তুগিজ ও বাংলা ভাষা। রোববার আরব নিউজ এমন তথ্য জানিয়েছে।
জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বহুভাষী কর্মীদের মোতায়েন করা হয়েছে।
এ বছরের হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ১০ লাখ মুসল্লিকে অনুমোদন দেওয়া হয়েছে। এদের মধ্যে সাড়ে ৮ লাখ বা ৮৫ শতাংশই বিদেশি। আর দেড় লাখ সৌদির নাগরিক। হজে স্বাস্থ্য সেবা নিশ্চিতে ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য এজেন্সিগুলোও কাজ করে যাচ্ছে। দুই বছর করোনার বিধিনিষেধ থাকার পর এবার বিদেশিরা সৌদিতে হজ পালন করতে পারবেন।
২০১৯ সালে বিশ্বের সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েতে ২৫ লাখ মুসলমান অংশ নিয়েছিলেন। এরপর ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হয়। তখন মাত্র ১ হাজার মুসল্লিকে হজে অংশ নেয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পরের বছর করোনার পরিপূর্ণ টিকা দেওয়া ৬০ হাজার মুসল্লি হজ পালন করার সুযোগ পান।
সৌদির বাইরে হজ পালনের অনুমোদন না দেওয়ায় মুসলমানরা অসন্তোষ প্রকাশ করেন। যদিও হজের আয়োজন করা সৌদি সরকারের জন্যও সম্মানের বিষয়। ইসলামের চতুর্থ স্তম্ভ হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য একটি ফরজ ইবাদত।
আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুজদালিফাসহ বিভিন্ন স্থানে গমন এবং অবস্থান করতে হয়।










































