ঢাকা অফিস।।
এবারের ঈদযাত্রায় গত ১২ দিনে সড়কপথে দুর্ঘটনা ঘটেছে ৩ হাজার ১৭৮টি। এসব ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ৭৭ জন এবং নিহত হয়েছে ৬৮১ জন। এবার দুর্ঘটনার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ছিল মোটরসাইকেল। এ সময় কৃত্রিম টিকিট সংকট তৈরি করে যাত্রীদের থেকে ১০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড এর গবেষণা সেলের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাংলাদেশের ২৮ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের মাধ্যমে ২৮ এপ্রিল থেকে ঈদযাত্রা ও ৪ মে থেকে ১০ মে পর্যন্ত ঈদফেরার সড়কপথে দুর্ঘটনার তথ্য সংগ্রহ করেছেন তারা।
প্রতিবেদনে সংগঠনটি জানায়, এবারের ঈদযাত্রায় প্রায় ২৬ লাখ মোটর সাইকেল মহাসড়কে চলেছে। এ সময় নিয়ম না মানা এবং হেলমেট ব্যবহারে অনীহার কারণে ১ হাজার ৬১৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৬৮ জন আহত এবং নিহত হয়েছেন ১৯০ জন।
একই সময়ে অসাবধানতা ও ঘুমন্ত চোখে-ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে ৪০৭টি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩২১ এবং নিহত হয়েছে ১৬৮ জন। খানা খন্দক, অচল রাস্তা-ঘাট আর সড়কপথ নৈরাজ্যের কারণে ৪৬৭টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ৩১০ এবং নিহত হয়েছেন ১৫৪ জন। এছাড়া পাড়া-মহল্লা ও মহাসড়কে অসাবধানতার সাথে চলাচলের কারণে লড়ি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারি চালিত রিক্সা-সাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মাধ্যমে ৬৮৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৭৮ জন আহত এবং ১৬৯ জন নিহত হয়েছে বলেও তুলে ধরা হয় প্রতিবেদনে।
ঈদযাত্রায় কৃত্রিম টিকিট সংকট তৈরি করে যাত্রীদের কাছ থেকে ২ থেকে ৩ গুণ ভাড়া আদায়ের মাধ্যমে পরিবহন সংশ্লিষ্ট চক্রগুলো অন্তত ১০ হাজার কোটি টাকা আদায় করেছে। এই কাজে সরকারি দলের নেতাকর্মীর পাশাপাশি পুলিশ-প্রশাসনও জড়িত ছিলো বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।











































