গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ‘দত্ত মিষ্টান্ন ভান্ডারের’ সন্দেশ যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এমনটাই দাবি করেছেন এই দোকানের মালিক সবুজ কুমার দত্ত।
পহেলা বৈশাখের দিনে গোপালগঞ্জ জেলা প্রশাসনের হাত হয়ে ২০ কেজি “সন্দেশ” সড়ক পথে চলে যাবে যশোর জেলা প্রশাসনের হাতে। সেখান থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে পৌঁছাবে।
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী এ সন্দেশের নাম রয়েছে সর্বত্র। ৭০ বছরেরও বেশি সময় ধরে স্বাদে অতুলনীয় খাঁটি মানের এ মিষ্টি তার ঐতিহ্য ধরে রেখেছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দপ্তরসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে এ মিষ্টির রয়েছে বেশ সুনাম। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের জন্য এ দোকানের মিষ্টি কিনে থাকেন অনেকেই।
দোকানের বর্তমান মালিক সবুজ কুমার দত্ত আরটিভি নিউজকে জানিয়েছেন, আমাদের দোকানের সন্দেশ ও রসগোল্লা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ পছন্দ। তিনি মাঝে মাঝেই এ দোকানের মিষ্টি বঙ্গভবনে নিয়ে থাকেন এবং টুঙ্গিপাড়ায় আসলে এ দোকানের সন্দেশ ও রসগোল্লা নিয়ে থাকেন।
তিনি জানান, গোপালগঞ্জের সবার পছন্দ এই দোকানের সন্দেশ ও রসগোল্লা। বিভিন্ন অনুষ্ঠান বা বাসার জন্য সবার আগেই এই দোকানের মিষ্টি পছন্দের তালিকায় থাকে। দত্ত মিষ্টান্ন ভান্ডার তার বাবা (প্রয়াত) সুধীর কুমার দত্তের হাত ধরে সুনামের সঙ্গে মিষ্টি ব্যবসা করে আসছে।











































