Home আঞ্চলিক ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন এর কমিটি নিয়ে জটিলতা

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন এর কমিটি নিয়ে জটিলতা

17

* খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিদায় আহবায়কের
* শ্রম অধিদপ্তরের পরিচালক বলছেন, আইনের আদেশ বিপক্ষে যাওয়ায় মিথ্যাচার করছেন বিদায়ী আহবায়ক
* একই দাবী সদ্য দায়িত্বপ্রাপ্ত আহবায়কেরও

স্টাফ রিপোর্টার।।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। গত আট মাসের ব্যবধানে সিঅ্যান্ডএফ’র আহবায়ক কমিটি তিনবার পরিবর্তন করা হয়েছে। এসোসিয়েশনের সদ্য বিদায়ী আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের অভিযোগ খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক অর্থের বিনিময়ে কমিটিতে পরিবর্তন এনেছেন এবং উচ্চ আদালত ও শ্রম আদালতের নির্দেশ বাস্তবায়ন দীর্ঘায়িত করছেন। আর সদ্য মনোনিত আহবায়ক মিজানুর রহমান বলছেন অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে স্বপনের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। আর শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান বলেন, স্বপন সাহেবের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়ায় তিনি মিথ্যা অভিযোগ করছেন। তার পাঁচ সদস্যের আহবায়ক কমিটির চার সদস্যই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দিয়েছেন।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন ১৯৯৮ সালে গঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হবে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস এসোসিয়েশন এর। ১৯৯৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সমঝোতার মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিনাপ্রতিদ্বন্দিতায় কমিটি গঠন হয়। সর্বশেষ ২০২১ সালের ০৪ সেপ্টেম্বর সাধারন সভায় সদস্যদের মতামতের বাইরে গিয়ে নওশাদ দিলওয়ার রাজুকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাছিমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এই কমিটিকে অবৈধ দাবী করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন সদ্য বিদায়ী আহবায়ক শেখ এজাজ আহম্মেদ স্বপন। উচ্চ আদালত নওশাদ দিলওয়ার রাজু ও মোস্তাফিজুর রহমান নাছিমের কমিটি অবৈধ ঘোষনা করে এবং ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেন শ্রম অধিদপ্তরকে। শ্রম অধিদপ্তর উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ এজাজ আহমেদ স্বপনকে আহবায়ক ও আশরাফুজ্জামান আশু, মিজানুর রহমান, এএসএম মাকসুদ খান ও রামকৃষ্ণ চক্রবর্তীকে সদস্য করে ০৫ সদস্যের কমিটি গঠন করে ২০২১ সালের ৩০ নভেম্বর তারীখে। এরপর ২০২০ সালের জানুয়ারীর ০৫ তারীখে ভোটার তালিকা নিয়ে এস এম মাকসুদ খান নামে একজন সদস্য শ্রম অধিদপ্তরে অভিযোগ করেন। ২৩ মার্চ শ্রম আদালত অভিযোগের শুনানী শেষে শেখ এজাজ আহমেদ স্বপনের ০৫ সদস্যের আহবায়ক কমিটি বহাল রেখে ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্নের নির্দেশ দেন।

২৭ মার্চ শ্রম অধিদপ্তর শেখ এজাজ আহমেদ স্বপনের আহবায়ক কমিটিকে আদালতের নির্দেশনা অনুযায়ী ৬০ দিনের নির্বাচন সম্পন্নের নির্দেশ দিয়ে চিঠি ইস্যু করে। সর্বশেষ ০৫ এপ্রিল’২২ শেখ এজাজ আহমেদ স্বপনের আহবায়ক কমিটির চার সদস্য তার বিরুদ্ধে অর্ধকোটি টাকা তছরুপ ও স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব এনে শ্রম অধিদপ্তরে অভিযোগ দেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে ০৭ এপ্রিল’২২ খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর শেখ এজাজ আহমেদ স্বপনকে ১০ এপ্রিল’২২ খুলনা বিভাগীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মিমাংসার উদ্দেশ্যে অভিযোগের জবাব দিতে বলেন। শ্রম অধিদপ্তরের নির্দেশে শেখ এজাজ আহমেদ স্বপন ১০ এপ্রিল’২২ তারীখ খুলনায় বিভাগীয় কার্যালয়ে পরিচালকের সাথে দেখা করেন। তিনি মৌখিকভাবে অভিযোগের জবাব দিতে বলেন তাকে। কিন্তু শেখ এজাজ আহমেদ স্বপন আহবায়ক কমিটির চার সদস্যের অনাস্থা প্রস্তাব গঠনতান্ত্রিক ভাবে অবৈধ ও মিথ্যা দাবি করে নিরপেক্ষ তদন্ত কমিটি করে তদন্ত করার আবেদন জানান লিখিত ভাবে।

এরপর শ্রম অধিদপ্তরর বিভাগীয় পরিচালক দুই পক্ষের লিখিত অভিযোগ বিবেচনা করে শেখ এজাজ আহমেদ স্বপনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে অপসারন করে মিজানুর রহমানকে আহবায়ক করে আশরাফুজ্জামান আশু, এএসএম মাকসুদ খান ও রামকৃষ্ণ চক্রবর্তীকে সদস্য করে নতুন আহবায়ক কমিটি গঠন করে আদালতের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছেন।

যদিও শ্রম পরিচালকের এই সিদ্ধান্তকে অবৈধ দাবী করছেন বিদায়ী শেখ এজাজ আহমেদ স্বপন। তিনি অভিযোগ করেছেন শ্রম অধিদপ্তরের পরিচালক অর্থের বিনিময়ে এই সিদ্ধান্ত দিয়েছেন। তিনি দাবী করেন তিনি আহবায়ক থাকা সময়ে শ্রম অধিদপ্তরের পরিচালককে বিভিন্ন সময়ে যাতায়াত খরচ, জাতীয় দিবস পালনসহ নানা কারনে আট লক্ষ ৯০ হাজার টাকা নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে ঘুষ দিয়েছেন। তার দাবী ২০ লক্ষ টাকার বিনিময়ে শ্রম পরিচালক এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সদ্য গঠিত আহবায়ক কমিটির লোকজন আর তাদের অনুসারীরা ভোমরা এলাকায় বলে বেড়াচ্ছেন। তিনি আরো দাবী করেন, মিজানুর রহমান খুবই চতুর তিনি কাগজপত্র ও আইনের প্যাচ দিয়ে বিগত সময়েও দায়িত্ব রত কমিটির নিকট থেকে অর্থ নিয়েছেন। তিনি বলেন, আমি উচ্চ আদালতে রিটের পূর্বে যখন তাকে নোটিশ করি তখন তিনি আমাদেরকে বা আদালতকেও জানানি ঐ সময়ের গঠিত কমিটি তিনি অনুমোদন করেননি। উচ্চ আদালত রায় দেওয়ার পর তিনি কাগজ দেখান যে তিনি ঐ কমিটি অনুমোদন করেননি। তিনি বলেন, অবৈধভাবে অর্থ আয়ের কারনেই তিনি কমিটির সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে আইনের অপপ্রয়োগ করছেন নির্বাচনের সময় ক্ষেপন করছেন। যা উচ্চ আদালত ও শ্রম আদালতের নির্দেশকে অমান্য করে।

শেখ এজাজ আহমেদ স্বপন এর অভিযোগের বিষয়ে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের সাথে কথা বলা হলে তিনি জানান, শেখ এজাজ আহমেদ স্বপনের বিরুদ্ধে আদেশ হওয়ায় তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। তার আহবায়ক কমিটির চার সদস্যের অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে তাকে জবাব দিতে বলা হয়েছে। তার জবাব ও অভিযোগ প্রদানকারী চার সদস্যের জবাব ও তথ্য প্রমানের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তিনি প্রতিবেদকের নিকট ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন সদ্য ঘোষিত কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত একটি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও রাম কৃষ্ণ চক্রবর্তী স্বাক্ষরিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি দেন। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে সদ্য বিদায়ী শেখ এজাজ আহমেদ স্বপন অর্ধকোটি টাকা আত্মসাৎ করায় তাকে অপসারন করা হয়েছে। তিনি খুলনা বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন তা মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত।

এ বিষয়ে অবশ্য শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, গতকাল সাতক্ষীরার স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃহষ্পতিবার ১৩ এপ্রিল’২২ তারীখ নতুন কমিটির সদস্যদের ডেকে নিয়ে তার অফিসে বসে এই প্রতিবাদ তৈরী করেছেন খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান।