ঢাকা অফিস।।
বিএনপি দ্বিধা বিভক্ত নয় বরং আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে স্বরচিত কবিতা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে তিনি ‘শহীদ জিয়ার বাংলাদেশকে জানো’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন ফখরুল।
বিএনপির নেতারা নানা ভাগে বিভক্ত- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি দ্বিধা বিভক্ত নয়। বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।
বিএনপির নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতা এখন যিনি জীবিত আছেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং তার অসুস্থতার কারণে তার অবর্তমানে তারেক রহমান আমাদের নেতা। আর আন্দোলনের নেতাও সেভাবে তারেক রহমান।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মাহবুব হাসান, জাহাঙ্গীর ফিরোজ, জাকির আবু জাফর, মুস্তাহিদ ফারুকী, নাসিম আহমেদ এবং শিশুদের মধ্যে মো. আবরার, সামিয়া নুজহাত ও ওয়াজদিয়া উনাইছা। এই প্রতিযোগিতায় ৯৮ জন শিশু প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
স্বরচিত কবিতা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং সদস্য আমিরুল ইসলাম কাগজী ও আরিফুর রহমান মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কবি আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।











































