Home জাতীয় দুই শতাধিক ঘর পুড়িয়ে থামলো কল্যাণপুর বস্তির আগুন

দুই শতাধিক ঘর পুড়িয়ে থামলো কল্যাণপুর বস্তির আগুন

6

ঢাকা অফিস।।

রাজধানীর কল্যাণপুরে একটি বস্তিতে লাগা আগুন দেড় ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে।

আগুনে বস্তিটির দুই শতাধিক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল-ফারুক জানান, রোববার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত পৌনে ৯টার দিকে কল্যাণপুর নতুন বাজার বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আরও ইউনিট বাড়ানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, আগুনে দুই শতাধিক কাঁচা ঘর পুড়ে গেছে। তবে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বস্তিটিতে প্রায় ৮০০ ঘর রয়েছে। অন্তত চার হাজার মানুষ এই বস্তিতে বাস করেন। গত সাত বছরে অন্তত ১০ বছর এই বস্তিতে আগুন লেগেছে।