ক্রীড়া ডেস্ক।।
লম্বা সময় ধরে জাতীয় দলে ব্রাত্য নাসির হোসেন।ঘরোয়া ক্রিকেটেও এখন আর নিয়মিত নন।সবশেষ বিপিএলেও কোনও দল পাননি। তবে মঙ্গলবার (১৫ মার্চ) শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তিনি।
এ নিয়ে রোববার (১৩ মার্চ)মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি ক্রিকেটের বাইরে। সবশেষ জাতীয় লিগ খেলেছি। এরপর আর খেলা হয়নি। স্বাভাবিকভাবেই এটি আমার জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।’
বয়স হয়ে গেছে ৩০। তবে এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন নাসির। তিনি বলেন,’এবারের ডিপিএলে পারফরম করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের নজর কাড়তে চাই। টুর্নামেন্টজুড়ে এতে ফোকাস থাকবে। আশা করি, আমি ভালো পারফরম করতে পারব।’
মাঠে কিংবা মাঠের বাইরে, সবখানেই জিততে চান নাসির। এই স্পিন অলরাউন্ডার বলেন, ‘আমি সবখানেই জিততে চাই। আমি একজন খেলোয়াড়। তাই কখনই হারার জন্য খেলি না।‘
তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে আইনি লড়াই লড়তে হচ্ছে নাসিরকে। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওইটা আমার ব্যক্তিগত জীবন। সেটা মাঠের বাইরেই আছে। এ নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। এখন তা নিয়েই কথা বলবো।’











































